বাসস
  ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩৭

আল-হিলালকে ইউরোপীয় জায়ান্টদের সঙ্গে তুলনা করলেন করিম বেনজেমা

ছবি : সংগৃহীত

ঢাকা, ৪ ফেব্রুয়ারি ২০২৬ (বাসস) : করিম বেনজেমা বলেছেন, নিজের নতুন ক্লাব আল-হিলালের খেলোয়াড় হতে পেরে তিনি খুবই খুশি। ক্লাবটিকে বেনজেমা এশিয়ার রিয়াল মাদ্রিদ হিসেবে অভিহিত করেছেন।

আল-ইত্তিহাদের সঙ্গে তার চুক্তি বাতিল হওয়ার পর সৌদি পেশাদার লিগের ক্লাব আল-হিলালে সোমবার যোগ দিয়েছেন বেনজেমা।

স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে, আল-ইত্তিহাদের সঙ্গে চুক্তি নবায়নের প্রস্তাব প্রত্যাখ্যান করার পরই আল-হিলালে তার যোগদান চূড়ান্ত হয়। সাবেক রিয়াল মাদ্রিদ এই স্ট্রাইকার ক্লাবটির হয়ে শেষ দুটি লিগ ম্যাচে অনুপস্থিত ছিলেন।

ফ্রি ট্রান্সফার সুবিধায় করিম বেনজেমাকে দলে ভিড়িয়েছে আল-হিলাল।

যোগদানের পর আল-হিলালের ওয়েবসাইটে দেওয়া প্রথম সাক্ষাৎকারে ফরাসি স্ট্রাইকার ও ২০২২ ব্যালন ডি’অর জয়ী বেনজেমা বলেন, ক্লাবে থাকতে পেরে তিনি আনন্দিত।

এসময় তিনি আল-হিলালকে এশিয়ার রিয়াল মাদ্রিদ হিসেবে বর্ণনা করেন, “ভালো লাগছে। এখানে থাকতে পেরে আমি খুশি। দলের সঙ্গে, কোচের অধীনে প্রথম অনুশীলনের পর আমি সত্যিই খুব আনন্দিত এবং এই দলের অংশ হতে পেরে গর্বিত। এটি একটি ভালো দল, যার ইতিহাসও সমৃদ্ধ। তারা অনেক ট্রফি জিতেছে। এটা অনেকটা রিয়াল মাদ্রিদের মতো, এশিয়ার রিয়াল মাদ্রিদ। সবকিছুই ভালো, সমর্থকরা ভালো। ভালো ফুটবল খেলে, তাদের ভালো খেলোয়াড় আছে এবং মানসিকতাও দারুণ।”

তিনি আরও বলেন, আগেও ক্লাবটিকে তার পছন্দ ছিল। যখন তিনি রিয়াল মাদ্রিদের হয়ে আল-হিলালের বিপক্ষে খেলতেন তখনও তার এই ক্লাবটিকে ভাল লাগতো। এ প্রসঙ্গে তিনি বলেন, “আগেও আমি এই দলটিকে পছন্দ করতাম। মাদ্রিদের হয়ে আমি তাদের বিপক্ষে খেলেছি, আর সেটা সহজ ম্যাচ ছিল না। ভালো একটি ম্যাচ ছিল এবং আমার ভালো স্মৃতি আছে। আজ আমি খুশি, কারণ এখন আমি আল-হিলালের খেলোয়াড়”।