বাসস
  ৩০ জুলাই ২০২৬, ১৬:৪২

নাসিকের রেকর্ড বাজেট ঘোষণা : ১ হাজার ৬০ কোটি টাকা ছাড়াল

ছবি: বাসস

নুসরাত সুপ্তি

নারায়ণগঞ্জ, ৩০ জুলাই, ২০২৬ (বাসস) : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক)এর ২০২৬-২৭ অর্থবছরে ১ হাজার ৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এটি নাসিকের ১৫তম বাজেট এবং সিটি কর্পোরেশনের ইতিহাসে এটিই সর্বোচ্চ বাজেট ঘোষণা।

আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় নগরভবনের অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন, নাসিকের প্রশাসক অ্যাড. সাখাওয়াত হোসেন খান। এর আগে গত অর্থবছরে নাসিকের বাজেট ছিল ৭৭৫ কোটি ৩৩ লাখ টাকা।

নাসিক প্রশাসক জানান, এবারের বাজেটে নাগরিকদের জনদুর্ভোগ লাঘবকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে। রাস্তা ও ড্রেন নির্মাণ, সুপেয় পানির সরবরাহ বৃদ্ধি, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন, খাল পুনরুদ্ধার, জলাবদ্ধতা নিরসন, ডেঙ্গু নিয়ন্ত্রণ, যানজট নিরসন, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

ঘোষিত বাজেট অনুযায়ী, রাজস্ব ও উন্নয়ন খাতে মোট সম্ভাব্য আয় ধরা হয়েছে ১ হাজার ৬০ কোটি ৯৯ লাখ ৭৫ হাজার ১১২ টাকা। অন্যদিকে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ৯৩০ কোটি ৭৫ লাখ ৪২ হাজার ৪০২ টাকা। ফলে হিসাব অনুযায়ী বছর শেষে ১৩০ কোটি ২৪ লাখ ৩২ হাজার ৭১০ টাকা উদ্বৃত্ত থাকবে।

এদিকে নাসিকের জালকুড়িতে স্থায়ী ডাম্পিং গ্রাউন্ড চালু, কদমরসুলে কঠিন বর্জ্য ব্যবস্থাপনার জন্য অধিগ্রহণকৃত জমিতে অবকাঠামো নির্মাণ, ২৭টি ওয়ার্ডে মোট ৫৪টি পানির পাম্প স্থাপন, হকার পুনর্বাসন, ধর্মীয় স্থাপনার উন্নয়ন ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ৩০টি ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ নির্মাণের বিষয় বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়াও পাঁচ হেক্টর জায়গাজুড়ে পার্ক, খেলার মাঠ ও কমিউনিটি সেন্টার নির্মাণের ঘোষণা দেওয়া হয়।

বাজেটের অর্থায়নের প্রধান উৎস হিসেবে ধরা হয়েছে, নাসিকের নিজস্ব রাজস্ব আয়। এছাড়া পানি সরবরাহ খাতের আয়, সরকারি উন্নয়ন সহায়তা, বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্প এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে প্রাপ্ত অর্থ বাজেট বাস্তবায়নের অন্যতম ভিত্তি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

বাজেট ঘোষণাকালে নাসিক প্রশাসক আরও বলেন, আর্থিক সক্ষমতা, নিজস্ব রাজস্ব আয়, উন্নয়ন সম্ভাবনা এবং নগরবাসীর প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে। অতিরিক্ত কর আরোপ করে নাগরিকদের ওপর নতুন আর্থিক চাপ সৃষ্টি না করে রাজস্ব ব্যবস্থাপনায় শৃঙ্খলা, স্বচ্ছতার পাশাপাশি নতুন রাজস্ব আয়ের উৎস তৈরির লক্ষ্য নেওয়া হয়েছে।

বাজেট ঘোষণা শেষে তিনি বলেন, বাজেটে অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ ও সাশ্রয়ের পাশাপাশি নাগরিক সেবার মানোন্নয়ন এবং দৃশ্যমান উন্নয়ন কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। পরিবেশবান্ধব, পরিচ্ছন্ন, যানজটমুক্ত ও পরিকল্পিত নগর গড়ে তুলতে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। এসময় তিনি সময়মতো হোল্ডিং ট্যাক্স, পানির বিলসহ সব ধরনের ফি পরিশোধের আহ্বান করেন।

নগর পরিকল্পনাবিদ মঈনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত বাজেট ঘোষণায় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ৫ আসনের সাংসদ আবুল কালাম, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাসুকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ সহ নাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নূর কুতুবুল আলম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আজগর হোসেন এবং প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হেমায়েত হোসেন।

এ সময় অন্যান্যের মধ্যে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নাগরিক সংগঠনের শীর্ষ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।