শিরোনাম

ওসমান গণি রাসেল
ঢাকা, ২ জুলাই, ২০২৬ (বাসস) : বাংলাদেশ ও চীনের মধ্যে সংলাপ, অভিজ্ঞতা বিনিময় এবং প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততার মাধ্যমে জনগণের মধ্যকার সম্পর্ক জোরদার ও পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে ২২ সদস্যের বাংলাদেশি যুব প্রতিনিধিদল চীনে তাদের ১০ দিনের সফর সম্পন্ন করেছে|
গত ২১ থেকে ৩০ জুন পর্যন্ত ‘বাংলাদেশ ইয়ুথ লিডার্স ডেলিগেশন টু ভিজিট চায়না-২০২৬’ কর্মসূচির আওতায় সাংহাই ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল স্টাডিজ (এসআইআইএস)-এর আমন্ত্রণে এ সফর সম্পন্ন হয়।
প্রতিনিধিদলে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, সাংবাদিক, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা এবং শিক্ষার্থী অংশগ্রহণ করেন| সফরকালে তারা চীনের নীতিনির্ধারক, গবেষক, শিল্প খাতের নেতৃবৃন্দ এবং সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন|
প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের চীনা ভাষা ও সংস্কৃতি বিভাগের প্রভাষক আগা মোস্তাফিজুর রহমান চৌধুরী।
দলের অন্য সদস্যরা হলেন—অতিরিক্ত পুলিশ সুপার শাওন শায়লা, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলুল করিম, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট ফকরুদ্দিন আল কবির, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর সহকারী অধ্যাপক মো. কামাল উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের প্রভাষক জাকিয়া আহমদ ঝুমা, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মো. মিনহাজুল আবেদিন, সিপিডির রিসার্চ অ্যাসোসিয়েট মো. তাকরিম হোসেন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)-এর রিসার্চ অফিসার মুহাম্মদ মাজেদুল হক, ইউল্যাবের প্রভাষক নুসরাত তাজকিয়া, দ্য ডেইলি স্টারের টেক অ্যান্ড স্টার্টআপ সম্পাদক জারিফ ফায়াজ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মো. মোকাররম হোসেন, চায়না মিডিয়া গ্রুপের (সিএমজি) সহকারী নিউজ এডিটর মো. লুৎফর কবির, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) স্টাফ রিপোর্টার ওসমান গণি রাসেল, ˆদনিক ইনকিলাবের সাংবাদিক মোস্তফা-ই-হাসনাত মাহমুদ চৌধুরী, প্রথম আলোর সাংবাদিক মো. সানাউল্লাহ সাকিব, ওসমানী সেন্টার ফর পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের রিসার্চ অ্যানালিস্ট জোনায়েদ খান, সহকারী ক্লিনিক্যাল সাইকোলজিস্ট চৌধুরী সাদিয়া জাহান ফারিহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের শিক্ষার্থী আল খালিদ বিন ওয়ালিদ দীপু ও মো. জারিফ রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নাঈম সরকার এবং একই বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী রাহাত জামান|
প্রতিনিধি দলটি কুনমিং, সাংহাই ও বেইজিং সফর করেন। সেখানে তারা বিভিন্ন সরকারি সংস্থা, বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান এবং চীনের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় করেন|
এ কর্মসূচির মাধ্যমে প্রযুক্তিগত উদ্ভাবন, স্মার্ট নগর উন্নয়ন, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো উন্নয়ন, উচ্চশিক্ষা এবং শিল্প আধুনিকায়নে চীনের অগ্রগতি সম্পর্কে প্রতিনিধিদল প্রত্যক্ষ ধারণা লাভ করে| পাশাপাশি দুই দেশের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতা ও সংলাপের নতুন সুযোগও সৃষ্টি হয়|
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসআইআইএসের সেন্টার ফর চায়না স্টাডিজ-এর নির্বাহী উপপরিচালক ড. লি হংমেই বলেন, এ সফরের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশ ও চীনের জনগণের মধ্যে, বিশেষ করে দুই দেশের তরুণদের মধ্যে যোগাযোগ ও সম্পৃক্ততা বৃদ্ধি করা| একই সঙ্গে চীনের কূটনীতি, বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নয়ন, সামাজিক শাসনব্যবস্থা, পরিবেশ সংরক্ষণ, সংস্কৃতি এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অংশগ্রহণকারীদের জ্ঞান সমৃদ্ধ করাও এর লক্ষ্য ছিল|
তিনি আরো বলেন, ‘এই কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্জন হলো— চীন সম্পর্কে প্রতিনিধিদলের দৃষ্টিভঙ্গি ও উপলব্ধিতে ইতিবাচক পরিবর্তন এসেছে| প্রত্যক্ষ মতবিনিময়, বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন এবং সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে অংশগ্রহণকারীরা চীনের উন্নয়ন ও আধুনিকায়নের পথযাত্রা সম্পর্কে আরো বিস্তৃত ও গভীর ধারণা লাভ করেছেন|’
ড. লি. বলেন, সমাপনী অনুষ্ঠানে প্রতিনিধিদলের সদস্যদের অভিজ্ঞতা বিনিময় এ সফরের দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রভাবের প্রতিফলন ঘটিয়েছে| এটি দুই দেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, বন্ধুত্ব এবং জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে|
তিনি জানান, ভবিষ্যতে সেন্টার ফর চায়না স্টাডিজ প্রতিবছরই বাংলাদেশি যুব নেতা প্রতিনিধি দলের চীন সফরের আয়োজন করার পরিকল্পনা করছে|