শিরোনাম

ঢাকা, ২৪ জুলাই ২০২৬ (বাসস) : মিরপুরের শহীদ সোহরাওয়র্দি ইনডোর স্টেডিয়ামে শেষ হয়েছে কাবাডি ডিসিপ্লিনের খেলা। কাবাডিতে বালিকা বিভাগে রংপুর ও বালক বিভাগে সেরা হয়েছে সিলেট।
মেয়েদের ফাইনালে খুলনাকে ৫৩-২৯ পয়েন্টে হারিয়ে স্বর্ণপদক জিতেছে রংপুর। সেরা হওয়ার উদযাপনটা ছিল দেখার মতো। ডোয়াইন ব্রাভোর বিখ্যাত চ্যাম্পিয়ন গানের সাথে নেচে গেয়ে ইনডোর স্টেডিয়াম মাতিয়ে রাখেন রংপুরের মেয়েরা। ম্যাচে অবশ্য একটা সময় ১৫-৫ পয়েন্টে এগিয়ে গিয়েছিল খুলনা। তবে শুরুর ধাক্কা সামলে ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রংপুর। প্রথমার্ধেই ২২ -১৮ পয়েন্টে এগিয়ে যায় দেশের সর্ব উত্তরের বিভাগটি। দ্বিতীয়ার্ধে আধিপত্য ধরে রেখে বড় ব্যবধানে জয় নিশ্চিত করে রংপুর।
এদিকে বিকেলে বালক বিভাগের ফাইনাল ছিল রোমাঞ্চে ঠাসা। রুদ্ধশ্বাস লড়াইয়ে রংপুরকে ৩৮-৩৫ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট। ম্যাচে কখনো সিলেট কখনো বা এগিয়ে যায় রংপুর। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ২০-১৮ ব্যাবধানে এগিয়ে প্রথমার্ধ শেষ করে সিলেট। দ্বিতীয়ার্ধেও ছিলো নাটকীয়তা। দু’দলই দুটি করে লোনা পেলেও শেষ মুহূর্তে চার পয়েন্টে এগিয়ে জয় নিশ্চিত করে সিলেট।