শিরোনাম

ঢাকা, ১২ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)-এর অভিযানে ধানমন্ডির রাপা প্লাজার গ্রাউন্ড পার্কিং জোনে জমে থাকা পানিতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। এ সময় কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
একইসঙ্গে সংশ্লিষ্ট এলাকার মশক নিয়ন্ত্রণ কার্যক্রমে দায়িত্ব পালনে গাফিলতির প্রমাণ পাওয়ায় ডিএসসিসির কর্মী সুশীল চন্দ্র রবিদাসকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তিনি ডিএসসিসির স্বাস্থ্য শাখার ওয়ার্ড-১৫, অঞ্চল-১-এ নিয়োজিত ছিলেন।
আজ শনিবার সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তিন মাসব্যাপী অভিযানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরই ধারাবাহিকতায় ধানমন্ডির রাপা প্লাজার গ্রাউন্ড পার্কিং জোন পরিদর্শনকালে এডিস মশার লার্ভা শনাক্ত করা হয়। এ ঘটনায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে জরিমানার পাশাপাশি জমে থাকা পানি অপসারণ ও মশার প্রজননস্থল ধ্বংসের ব্যবস্থা নেওয়া হয়।
ডেঙ্গু নিয়ন্ত্রণে ডিএসসিসির চলমান কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি নগরবাসী ও বিভিন্ন প্রতিষ্ঠানকে নিজ নিজ স্থাপনা, পার্কিং, ছাদ, নির্মাণাধীন স্থান ও আশপাশে পানি জমতে না দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে।