শিরোনাম

বরিশাল, ৯ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : ১৮ বছর পর হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জাহাঙ্গীর হাওলাদারকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (বরিশাল র্যাব ৮)।
গতকাল মঙ্গলবার গভীর রাতে গাজীপুরের পুবাইল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
কারাদণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর হিজলা উপজেলার খাগেরচর এলাকার হোসেন হাওলাদারের ছেলে।
আজ বুধবার বিকালে বিষয়টি নিশ্চিত করে র্যাব ৮ এর মিডিয়া অফিসার লে. কমান্ডার শাহরিয়ার রিফাত অভি বাসসকে বলেন, গ্রেফতারকৃত আসামি জাহাঙ্গীরের বিরুদ্ধে বরিশাল জেলার হিজলা থানায় ২০০৮ সালে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় দোষী প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশসহ ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন। আসামি দীর্ঘদিন আত্মগোপনে থাকায় আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
তিনি বলেন, আসামি জাহাঙ্গীর অত্যন্ত চতুরতার সাথে দীর্ঘ ১৮ বছর আত্মগোপনে থাকে। কিন্তু র্যাব-৮ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে জাহাঙ্গীরের অবস্থান নিশ্চিত করে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। জাহাঙ্গীরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুরের পুবাইল থানায় হস্তান্তর করা হয়েছে।