বাসস
  ০১ সেপ্টেম্বর ২০২৬, ২১:২০

ফ্ল্যাট গ্রহণে অনিয়ম : টিউলিপ সিদ্দিকসহ দুইজনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১১ জানুয়ারি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নী ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক। ফাইল ছবি

ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নী ও শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এবং রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ২০২৭ সালের ১১ জানুয়ারি দিন ধার্য করেছেন করেছেন আদালত।

আজ ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে মামলার অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে মামলার আসামি মোশাররফ হোসেন ফৌজদারি কার্যবিধির ৫৬১-ক ধারায় উচ্চ আদালতে মামলাটি বাতিলের আবেদন করেছিলেন। উচ্চ আদালত আগামী এক বছরের জন্য মামলার কার্যক্রম স্থগিত করেছেন। উচ্চ আদালতে ওই আবেদন সংক্রান্ত শুনানি শেষ না হওয়া পর্যন্ত মামলাটির পরবর্তী কার্যক্রম স্থগিত থাকবে।

এজন্য আদালত ২০২৭ সালের ১১ জানুয়ারি  অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য করেন।

অবৈধ সুবিধা নিয়ে ঢাকার গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট নেওয়ার অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা শাহ মো. খসরুজ্জামান এবং সাবেক সহকারী আইন উপদেষ্টা-১ সরদার মোশারফ হোসেনের বিরুদ্ধে মামলা করে দুদক।

অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে, কোনো টাকা পরিশোধ না করেই অবৈধভাবে ইস্টার্ন হাউজিং লিমিটেডের গুলশান-২ এর ফ্ল্যাট (ফ্ল্যাট নং-বি/২০১, বাড়ি নং-৫এ ও ৫বি (পুরোনো), বর্তমানে-১১৩, ১১বি (নতুন), রোড নং-৭১) দখল নেন ও পরে রেজিস্ট্রি করেন।

গত জুলাই মাসে আসামি শাহ খসরুজ্জামান হাইকোর্টে একটি রিট করেন। সেই রিটের প্রেক্ষিতে হাইকোর্ট খসরুজ্জামানের তদন্ত তিনমাসের জন্য স্থগিত করেন। পরে চেম্বার আদালতে গেলেও দুদক ‘নো অর্ডার’ আদেশ পায়।

গত ১১ ডিসেম্বর তদন্ত শেষে দণ্ডবিধির ১৬১/১৬৫(ক)/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭-এর ৫(২) ধারায় টিউলিপ ও মোশাররফের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে দুদক।