বাসস
  ৩১ আগস্ট ২০২৬, ১৮:২৫

নগরীর প্রত্যেকের বাড়ি-ঘরের পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে: কেসিসি প্রশাসক 

ছবি: বাসস

খুলনা, ৩১ আগস্ট, ২০২৬ (বাসস) : খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, নগরবাসীকে নিরাপদ রাখতে হলে শুধু সড়ক ও ড্রেন নয়, প্রত্যেকের বাড়ি-ঘরে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে হবে। ঝোপঝাড় ও বদ্ধ পানি অপসারণ করতে হবে।

তিনি বলেন, ডেঙ্গু এবং চিকুনগুনিয়া প্রতিরোধে সরকারি নির্দেশনা মেনে তিন মাস পূর্ব থেকে কাজ শুরু করা হয়েছে। শহর পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি নগরবাসীকে নিরাপদ রাখতে সচেতনতা বৃদ্ধির জন্যও সর্বশক্তি নিয়োজিত করেছি। কিন্তু ডেঙ্গু সংক্রমণ হ্রাসে আশানুরূপ ফল আসছে না। 

আজ সকালে নগরীর সোনাডাঙ্গা পিডব্লিউডি মাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত আলোচনা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

এ সময় নজরুল ইসলাম মঞ্জু বন্ধুমহলে ও পরিবারের মধ্যে ডেঙ্গু বিষয়ে সচেতনতা গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের ভূমিকা রাখার অনুরোধ জানান এবং সপ্তাহে অন্তত একদিন শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাস পরিষ্কার করতে উদ্যোগী হওয়ার জন্য শিক্ষকদের প্রতি আহ্বান জানান। 

শিক্ষা প্রতিষ্ঠান থেকে সচেতনতা গড়ে উঠলে ডেঙ্গু জ্বরের সংক্রমণ হ্রাস পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে ডেঙ্গু বিষয়ে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি।

স্কুলের প্রধান শিক্ষক মো. লিয়াকত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ ও জেলা শিক্ষা কর্মকর্তা এস এম ছায়েদুর রহমান।  

এতে অন্যদের মধ্যে কেসিসি’র প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আনিসুর রহমান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মিউল ইসলাম, কঞ্জারভেন্সি অফিসার মো. অহিদুজ্জামান খান, সমাজসেবক আসাদুজ্জামান মুরাদ, শেখ জামিরুল ইসলাম জামিল, কেসিসি’র সাবেক কাউন্সিলর রাবেয়া ফাহিদ হাসনাহেনাসহ শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।