বাসস
  ৩১ আগস্ট ২০২৬, ১৮:০০

সংসদকে আরও কার্যকর ও সংলাপের কেন্দ্রবিন্দু করার তাগিদ

সোমবার সংসদ ভবনে  বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অ্যান্ডা ফিলিপের নেতৃত্বে আইপিইউ’র একটি প্রতিনিধি দল বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেন। ছবি : সংগৃহীত

ঢাকা, ৩১ আগস্ট, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জাতীয় সংসদকে আরও কার্যকর এবং জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা ও সংলাপের কেন্দ্রবিন্দু হিসেবে গড়ে তোলার বিষয়ে মতবিনিময় করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান এবং ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সেক্রেটারি জেনারেল অ্যান্ডা ক্রিস্টিনা ফিলিপ।

আজ সংসদ ভবনে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে অ্যান্ডা ফিলিপের নেতৃত্বে আইপিইউ’র একটি প্রতিনিধি দল বিরোধীদলীয় নেতার সঙ্গে বৈঠক করে। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত বৈঠকে সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

বৈঠকে বিরোধীদলীয় নেতা সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে বিরোধী দলের ভূমিকা এবং সংসদে সরকারি ও বিরোধী দলের সমতাভিত্তিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ ইস্যুতে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে নিয়মিত আলোচনা ও সংলাপ অব্যাহত রাখার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্ব দেওয়া হয়।

আলোচনায় সংসদীয় কমিটিগুলোর কার্যকারিতা আরও গতিশীল করা এবং তরুণ সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ বাড়ানোর বিষয়েও গুরুত্ব দেওয়া হয়। আইপিইউ’র পক্ষ থেকে এসব বিষয়কে সংস্থাটির অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করা হয়।

আইপিইউ’র সেক্রেটারি জেনারেল বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের অগ্রযাত্রায় সংস্থার পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। বৈঠক শেষে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতা ও যোগাযোগ আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করে।

সাক্ষাৎকালে আইপিইউ’র প্রোগ্রাম অফিসার রবার্তো রডরিগুয়েজ ভ্যালেন্সিয়া এবং সিনিয়র এক্সপার্ট হেরিয়েনো এ এ্যাংগোরো উপস্থিত ছিলেন।

এ সময় বিরোধীদলীয় নেতার সঙ্গে আরও উপস্থিত ছিলেন ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, এমপি; বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান, এমপি; পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া।