শিরোনাম

নরসিংদী, ২৫ আগস্ট, ২০২৬ (বাসস) : সরকারের ঘোষিত সকল জনকল্যাণমূলক কর্মসূচি ন্যায়, নীতি ও সততার সঙ্গে বাস্তবায়নের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সাংসদ খায়রুল কবির খোকন এমপি।
তিনি বলেছেন, জনগণ বর্তমান সরকারের পক্ষে রয়েছে এবং কোনো চক্রান্ত-ষড়যন্ত্র করে সরকারের এই অগ্রগতিকে ব্যাহত করা যাবে না।
আজ মঙ্গলবার দুপুরে নরসিংদী সরকারি কলেজ প্রাঙ্গণে জেলা কৃষকদলের আয়োজনে প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে নরসিংদীতে শিক্ষার্থী ও প্রান্তিক কৃষকদের মাঝে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন তিনি।
তিনি আরও বলেন, দেশের অর্থনীতিকে পুনর্গঠন ও জনগণের কল্যাণে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একটি ভঙ্গুর ও ক্ষতিগ্রস্ত অর্থনীতির ওপর দাঁড়িয়ে মাত্র ৬ মাসের মধ্যে সরকার ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা নজিরবিহীন।
নরসিংদী জেলা কৃষকদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শফিকুল ইসলাম ভি.পি. আপেলের সভাপতিত্বে
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কৃষিবিদ হাসান জাফির তুহিন।
জেলা কৃষকদলের সদস্য সচিব দীপক কুমার বর্মন জি.এস. প্রিন্সের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম বাবুল এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ তোফাজ্জল হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব এবং কৃষকদলের ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক দীপু হায়দার খান প্রমুখ।
কর্মসূচিতে শিক্ষার্থী, ছাত্রী ও প্রান্তিক কৃষকদের মাঝে বিভিন্ন ধরনের ২ হাজার ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়।