শিরোনাম

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৬ (বাসস) : শুল্ক ফাঁকি দিয়ে আনা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ঢাকার ধোলাইপাড় থেকে জব্দ করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ঢাকার যাত্রাবাড়ি থানার ধোলাইপাড় বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় কোস্টগার্ড স্টেশন পাগলা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহজনক ২টি ভ্যান গাড়ি তল্লাশি করে প্রায় ২ কোটি ৩ লাখ ৪০ হাজার টাকা মূল্যের অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১ হাজার ১৭ পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। এসময় প্রকৃত মালিক না পাওয়ায় ভ্যান চালকদের মুচলেকা নিয়ে ভ্যানসহ ছেড়ে দেওয়া হয়।
এতে আরও বলা হয়, জব্দকৃত শাড়ির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বংশাল সার্কেল কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কাছে হস্তান্তর করা হয়।
চোরাচালান রোধে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।