শিরোনাম

ঢাকা, ২৫ আগস্ট, ২০২৬ (বাসস) : যুক্তরাজ্যে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসেবে ফরেন সার্ভিস একাডেমির রেক্টর মোহাম্মদ আব্দুল মুহিতকে দুই বছরের জন্য নিয়োগ দিয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে তার চুক্তিভিত্তিক নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।
তিন দশকের বেশি সময়ের অভিজ্ঞতাসম্পন্ন পেশাদার কূটনীতিক মোহাম্মদ আব্দুল মুহিত দেশে ও বিদেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনে তিনি নিউইয়র্ক, ভিয়েনা, ওয়াশিংটন ডিসি এবং মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন গুরুত্বপূর্ণ দেশে দায়িত্ব পালন করেছেন।
তার কূটনৈতিক কর্মজীবনে বহুপক্ষীয় কূটনীতি, জাতিসংঘের কার্যক্রম, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের ওপর বিশেষ গুরুত্ব ছিল।
মোহাম্মদ আব্দুল মুহিত এর আগে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
সর্বশেষ নিয়োগের আগে তিনি ফরেন সার্ভিস একাডেমির রেক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন।