বাসস
  ২৫ আগস্ট ২০২৬, ১৯:৫৮

রাজধানীতে ২০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার 

ঢাকা, ২৫ আগস্ট ২০২৬ (বাসস) : রাজধানীর গেন্ডারিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ গতকাল মো. ইমান হোসেন (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) লালবাগ বিভাগ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) এক সংবাদ আজ এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ডিবি লালবাগ বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম গতকাল সোমবার সকালে গেন্ডারিয়া থানার দয়াগঞ্জ মোড়ের ডিস্টিলারি রোডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট, সূত্রাপুর বিভাগের কার্যালয়ের সামনে অভিযান চালিয়ে মো. ইমান হোসেনকে গ্রেফতার করে। এসময় তার হেফাজত থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে গেন্ডারিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মো. ইমান হোসেন দীর্ঘদিন ধরে গেন্ডারিয়া এলাকাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রয়ের সাথে জড়িত বলে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।