শিরোনাম

হবিগঞ্জ, ২৫ আগস্ট, ২০২৬ (বাসস): জেলার সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের কালিগঞ্জে ভেঙ্গে যাওয়া খোয়াই নদীর বাঁধ পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
আজ মঙ্গলবার বেলা ১১টায় তিনি নদীর ভাঙন অংশ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হুইপ আলহাজ্ব জিকে গউছ, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন, জেলা প্রশাসক ড. জি এম সরফরাজ, হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুল হকসহ এলাকাবাসী।
পরিদর্শনকালে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে এখানে এসেছি, যাতে স্থায়ী সমাধান করা যায়।
তিনি বলেন, মানুষের দুঃখ কষ্ট দূর করতে যে প্রকল্প গ্রহণ করা উচিত, আমরা দ্রুতই তা করবো। আপাতত আমরা জিও ব্যাগ দিয়ে এখানে বাঁধ মেরামত করবো।
তিনি আরও বলেন, হবিগঞ্জ শহর যেন কোনোভাবেই প্লাবিত না হয়, সেজন্য আমরা বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছি। আশা করি বর্ষার পরপরই প্রকল্পের কাজ শুরু করবো।
উল্লেখ্য, গত রোববার সকালে খোয়াই নদীর পানি বৃদ্ধি পাওয়ায় বাঁধ ভেঙ্গে অন্তত ৩০টি গ্রাম তলিয়ে যায়। পানিবন্দি হয়ে পড়ে ৫০ হাজার মানুষ।