বাসস
  ২২ আগস্ট ২০২৬, ১৭:৫৭

‘কৃষক কার্ড’র তথ্য হালনাগাদের কাজ ২৬ আগস্টের মধ্যে শেষ করার নির্দেশ

ঢাকা, ২২ আগস্ট, ২০২৬ (বাসস) : সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘কৃষক কার্ড’ প্রদানের লক্ষ্যে দেশব্যাপী কৃষক ও সার ডিলারদের তথ্য সংগ্রহ, যাচাই ও হালনাগাদের কাজ দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)।

এ কার্যক্রম সুষ্ঠু ও নির্ভুলভাবে সম্পন্ন করতে সব উপজেলা কৃষি কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

গত বৃহস্পতিবার ডিএই মহাপরিচালক মো. আব্দুর রহিম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, কৃষক কার্ড প্রদানের অংশ হিসেবে কৃষক ও সার ডিলারদের তথ্য সংগ্রহ কার্যক্রম অব্যাহত থাকবে। সংগৃহীত তথ্য নিয়মিতভাবে যাচাই ও অনুমোদনের পাশাপাশি তথ্যের সঠিকতা ও পূর্ণতা নিশ্চিত করতে হবে।

নির্দেশনায় সংশ্লিষ্ট ব্লকগুলোতে কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম অব্যাহত রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি সংগৃহীত তথ্য নিয়মিত যাচাই ও অনুমোদন করতে হবে।

সার ডিলারদের তথ্য বিদ্যমান অ্যাপের মাধ্যমে সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। প্রথম পর্যায়ে যে দু’টি ব্লকের তথ্য সংগ্রহ সম্পন্ন হয়েছে, সেগুলো বাদে বাকি দু’টি ব্লকের তথ্য আগামী ২৩ আগস্টের মধ্যে সংগ্রহ শেষ করতে হবে।

আর অবশিষ্ট সব ব্লকের তথ্য সংগ্রহ ২৬ আগস্টের মধ্যে সম্পন্ন করতে বলা হয়েছে। আপাতত শুধু বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ও বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ডিলারদের তথ্য সংগ্রহ করা হবে।

এ ছাড়া প্রতিটি ইউনিয়নের আওতাধীন সব বিদ্যমান ব্লকের নাম সিস্টেমে সংযুক্ত করতে বলা হয়েছে। কোনো ব্লক যেন বাদ না পড়ে, সে বিষয়েও বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

একই সঙ্গে সংশ্লিষ্ট ব্লকের আওতাধীন সব মৌজা ও গ্রামের তথ্য যথাযথভাবে ওই ব্লকের সঙ্গে সংযুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। তথ্য সংগ্রহ, যাচাই ও অনুমোদনের প্রতিটি ধাপে তথ্যের নির্ভুলতা ও পূর্ণতা নিশ্চিত করতে বলা হয়েছে।

চিঠিতে আরও বলা হয়, কৃষক কার্ড কার্যক্রমের অংশ হিসেবে কৃষক ও সার ডিলারদের তথ্য সংগ্রহ, যাচাই ও হালনাগাদের কাজ অব্যাহত থাকবে।

এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্ধারিত সময়ের মধ্যে কার্যক্রম সম্পন্ন করে তথ্যভান্ডার সঠিক ও হালনাগাদ রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।