শিরোনাম

ঢাকা, ২১ আগস্ট, ২০২৬ (বাসস) : রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মাসব্যাপী ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে বুড়িগঙ্গা নদীতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ঐতিহ্যবাহী নৌকা বাইচ। নৌকা বাইচকে ঘিরে শুক্রবার বুড়িগঙ্গার দুই তীরে হাজারো মানুষের সমাগমে নদীজুড়ে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
শুক্রবার বিকেলে বুড়িগঙ্গার খোলামোড়া ঘাট থেকে ওয়াইজ ঘাট পর্যন্ত অনুষ্ঠিত এ নৌকা বাইচে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ছয়টি দল অংশ নেয়। প্রতিযোগিতা দেখতে দুপুর থেকেই নদীর দুই তীরে বিপুলসংখ্যক মানুষ ভিড় করেন। শত শত নৌকা ও ট্রলারে পরিবার-পরিজন নিয়ে নাগরিকরা বুড়িগঙ্গায় অবস্থান নেন। এতে বুড়িগঙ্গা পরিণত হয় ইতিহাস, ঐতিহ্য ও নাগরিক আনন্দের এক মিলনমেলায়।
নৌকা বাইচের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক, নৌপরিবহন এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।
বিশেষ অতিথি ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসসিসির প্রশাসক বীরমুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ঢাকার চারপাশের নদ-নদী দখল ও দূষণমুক্ত করে নৌচলাচল অবাধ, সচল ও নিরাপদ করতে সরকার কাজ করছে। বুড়িগঙ্গা, বালু ও ধলেশ্বরীসহ নদীগুলো দূষণমুক্ত রাখতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিয়ে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বাংলার ঐতিহ্যকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরায় ডিএসসিসির উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে নদীর পাড়ে সৌন্দর্যবর্ধনের মাধ্যমে সাধারণ মানুষের হাঁটাচলা ও বিনোদনের উপযোগী পরিবেশ তৈরির কথা জানান।
প্রতিযোগিতা শেষে সোয়ারীঘাট প্রাঙ্গণে নোঙর করা শতবর্ষী ঐতিহ্যবাহী স্টিমার ‘পিএস মাহমুদ’-এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইশরাক হোসেন বলেন, ঢাকার ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় নৌকা বাইচ একটি অনন্য উদ্যোগ। ঢাকাকে পরিচ্ছন্ন, সবুজ, বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগর হিসেবে গড়ে তুলতে নাগরিকদের সম্পৃক্ততা বাড়াতে হবে। আদি ঢাকার সাংস্কৃতিক ঐতিহ্য ধরে রাখতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, ঢাকাকে হৃদয়ে ধারণ করতে পারলেই নগরীর প্রতি মানুষের ভালোবাসা তৈরি হবে। আর সেই ভালোবাসা থেকেই পরিচ্ছন্ন ও সবুজ ঢাকা গড়ে তোলার উদ্যোগ সফল হবে।
তিনি বলেন, ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে মিনি ম্যারাথন, সাইকেল র্যালি, নাট্য উৎসব ও চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন আয়োজনের মাধ্যমে ঢাকার ইতিহাস ও সংস্কৃতিকে তুলে ধরা হচ্ছে। পাশাপাশি কামরাঙ্গীরচর এলাকায় আট লেনের সড়ক ও নদীর পাড় বাঁধাই করে দৃষ্টিনন্দন হাঁটার পথ তৈরির মতো উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রশাসক নগরবাসীকে পরিচ্ছন্নতা রক্ষা এবং বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।
নৌকা বাইচে প্রথম পুরস্কার লাভ করে ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হামিদুর রহমান হামিদের দল। দ্বিতীয় হয় সাবেক ওয়ার্ড কমিশনার মোশারফ হোসেন খোকনের দল এবং তৃতীয় পুরস্কার অর্জন করে মাদারীপুরের আনিসুর রহমানের দল।
অনুষ্ঠানে ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, ডিএসসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা, সরকারি বিভিন্ন সংস্থার প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।