বাসস
  ২১ আগস্ট ২০২৬, ১৩:০৬

আড়াইহাজারে পানিতে ডুবে চার শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ, ২১ আগস্ট, ২০২৬ (বাসস): জেলার আড়াইহাজার উপজেলায় পুকুরের পানিতে ডুবে চার শিশুর করুণ মৃত্যু হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দুপ্তারা ইউনিয়নের খানপাড়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো-খানপাড়া এলাকার মুন্নার মেয়ে আফসা (১২), আল আমিনের মেয়ে ওজাইফা (১০), রাকিবের মেয়ে রুবাইয়া (৮) এবং জাহাঙ্গীরের মেয়ে রিয়া মনি (৮)।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে চার শিশু ঘর থেকে বের হয়ে আর ফেরেনি। দীর্ঘ সময় তাদের সন্ধান না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। 

একপর্যায়ে স্থানীয় মুন্নার বাড়ির পাশে একটি পুকুরপাড়ে শিশুদের জুতা দেখে স্বজনদের সন্দেহ হলে তারা পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করে। পরে চার শিশুকেই পানির নিচ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধারের পর দুই শিশুকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং অন্য দুই শিশুকে বেসরকারি একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বাসসকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং স্বজনদের সঙ্গে কথা বলেছে। 

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।