শিরোনাম

ঢাকা, ১৬ আগস্ট, ২০২৬ (বাসস) : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) কর্মকর্তা-কর্মচারীরা নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হচ্ছেন কি না, তা নিশ্চিত করতে প্রধান কার্যালয় নগর ভবন আকস্মিক পরিদর্শন করেছেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
আজ (রোববার) সকালে নগর ভবনের বিভিন্ন বিভাগ ও শাখা সরজমিনে ঘুরে দেখে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতির খোঁজখবর নেন প্রশাসক। এ সময় তিনি নির্ধারিত কর্মঘণ্টা মেনে যথাসময়ে অফিসে উপস্থিত হয়ে নাগরিক সেবা কার্যক্রম অব্যাহত রাখার ওপর কড়া তাগিদ দেন।
আবদুস সালাম বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। নগরবাসীকে কাঙ্ক্ষিত সেবা দিতে হলে কর্মকর্তা-কর্মচারীদেও দায়িত্বশীলতা, সময়ানুবর্তিতা ও কর্মনিষ্ঠার কোনো বিকল্প নেই। নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হয়ে আন্তরিকতার সঙ্গে নিজ দায়িত্ব পালন করতে হবে।’
তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, ‘কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত উপস্থিতি ও কার্যকারিতা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে। নাগরিক সেবা প্রদানে কোনো ধরনের শৈথিল্য, বিলম্ব বা গাফিলতি বরদাশত করা হবে না।’
পরিদর্শনকালে প্রশাসক সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন এবং দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করার আহ্বান জানান।