বাসস
  ১৮ আগস্ট ২০২৬, ২২:৩২

আঞ্চলিক সংহতি বৃদ্ধিতে ‘সার্ক’ পুনরুজ্জীবিত করার জোর দিয়েছে বাংলাদেশ ও ভুটান

ছবি : বাসস

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস) : দক্ষিণ এশিয়ার জনগণের জন্য যৌথ সুফল নিশ্চিত করা এবং আঞ্চলিক সংহতিকে আরও এগিয়ে নিতে ‘সার্ক’ (এসএএআরসি)-কে পুনরুজ্জীবিত করার ওপর গুরুত্ব দিয়েছে বাংলাদেশ ও ভুটান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভুটানের পররাষ্ট্র সচিব পেমা লেকতুপ দর্জি  আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বিষয়টি নিয়ে আলোচনা করেন।

বৈঠকে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, বিশেষ করে আঞ্চলিক সহযোগিতা ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

শামা ওবায়েদ আঞ্চলিক সহযোগিতার বিষয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দূরদর্শী দৃষ্টিভঙ্গির কথা স্মরণ করে বলেন, তিনিই দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) প্রতিষ্ঠার ধারণাটি উত্থাপন করেছিলেন।

এই প্রেক্ষাপটে, বৃহত্তর সংহতি গড়ে তুলতে এবং দক্ষিণ এশিয়ার জনগণের জন্য সম্মিলিত সুফল পৌঁছে দিতে আঞ্চলিক এই জোটকে পুনরুজ্জীবিত করার ওপর উভয় পক্ষ জোর দেয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ভুটানের ‘গেলেফু মাইন্ডফুলনেস সিটি’ (জিএমসি) উদ্যোগের প্রশংসা করেন এবং কুড়িগ্রামে ভুটানের বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) দ্রুত বাস্তবায়নের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। 

তিনি আশা প্রকাশ করেন, এই দুটি বিশেষ অঞ্চল চালু হলে তা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে এবং বাংলাদেশ ও ভুটানের মধ্যে পারস্পরিক অর্থবহ অর্থনৈতিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে সহায়তা করবে।

শামা ওবায়েদ বলেন, এসব উদ্যোগ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং দুই প্রতিবেশী দেশের মধ্যে যোগাযোগ (কানেক্টিভিটি) জোরদার করতে অবদান রাখতে পারে।

উল্লেখ্য, বাংলাদেশ ও ভুটানের মধ্যে আজ সকালে অনুষ্ঠিত চতুর্থ ‘ফরেন অফিস কনসালটেশন’ (এফসিও)-এ যোগ দিতে ভুটানের পররাষ্ট্র সচিব তিন দিনের সফরে ঢাকায় অবস্থান করছেন।