শিরোনাম

গাইবান্ধা, ৮ আগস্ট, ২০২৬ (বাসস) : নদী ভাঙন রোধে প্রায় ৯৬ টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে আয়োজিত সমাবেশে তিনি আজ শনিবার এসব কথা বলেন।
ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘আমরা বৈষম্যহীন একটি মানবিক রাষ্ট্র গড়তে চাই। চার বছরের জন্য নদী ভাঙন রোধে প্রায় ৯৬ টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রত্যেকটি কাজ বাস্তবায়ন করা হবে।’
তিনি বলেন, ফ্যাসিস্টরা দেশ থেকে পালিয়ে গেছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। তারা ১৭ বছর বাংলাদেশের মানুষদের উপর দমন নিপীড়ন চালিয়েছে। সাধারণ মানুষের ভোটাধিকার হরণ করছে। চব্বিশের গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ তাদের সকল অধিকার ফিরে পেয়েছে। আগামীতে আর কাউকে ফ্যাসিস্ট হতে দেওয়া হবে না।
বর্তমান সরকারে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, বিএনপি সরকার ইতোমধ্যে ফ্যামিলি কার্ড. কৃষক কার্ড দেওয়া শুরু করছে। ফ্যাসিস্টদের ধ্বংস করা সব সেক্টরগুলো ধীরে ধীরে উন্নয়ন করা হচ্ছে।
সমাবেশে গাইবান্ধা- ৫ আসনের সংসদ সদস্য আব্দুল ওয়ারেজ, জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা, পানি উন্নয়ন বোর্ডের গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী মো. শরিফুল ইসলাম, ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস ছালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিমন্ত্রী গাইবান্ধা জেলার সদর, ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলার নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন।