বাসস
  ৩১ জুলাই ২০২৬, ২১:৪০

কেরানীগঞ্জে ইয়াবা তৈরির কারখানায় অভিযান ; গ্রেপ্তার ৪

ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকা দক্ষিণ, ৩১ জুলাই, ২০২৬ (বাসস) : কেরানীগঞ্জে ইয়াবা তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে আজ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ৯৬৮ পিস ইয়াবাসহ ইয়াবা তৈরির বিভিন্ন ধরনের পাউডার সদৃশ কাঁচামাল, যন্ত্রপাতি, পাঁচটি মোবাইল ফোন ও একটি ওজন পরিমাপক যন্ত্র জব্দ করা হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন- রাজধানীর বংশাল থানার চানখারপুল এলাকার বাসিন্দা মো. আলমগীর ওরফে আন্ডে (৪০), মোহাম্মদপুর থানার বাবর রোড এলাকার মো. আলী আরমান (৩৬), সাভারের মো. শাহজাহান (৪০) এবং আদাবর থানার রিংরোড এলাকার বাসিন্দা সোনিয়া (৩০)।

শুক্রবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহা. আসাদুজ্জামান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার মধ্যেরচর দক্ষিণ বালুচর এলাকায় একটি ইয়াবা তৈরির কারখানায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিরা পেশাদার মাদক কারবারি।

তিনি আরও জানান, মাদক কারবারি চক্রটি দীর্ঘদিন ধরে ইয়াবা তৈরির উপকরণ সংগ্রহ করে নিজেরাই ইয়াবা উৎপাদন করে আসছিল। পরে সেগুলো ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করত। গ্রেপ্তার আলমগীর ওরফে আন্ডের বিরুদ্ধে রাজধানীর রামপুরা, কামরাঙ্গীরচর ও মোহাম্মদপুর থানায় মাদক আইনের তিনটি মামলা রয়েছে। উদ্ধার হওয়া ইয়াবা, কাঁচামাল ও যন্ত্রপাতিসহ গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে কেরানীগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় র‌্যাব।