বাসস
  ২৭ জুলাই ২০২৬, ১৭:৪৫

আগামি তিন দিনের মধ্যে সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা: এফএফডব্লিউসি

ছবি : সংগৃহীত

ঢাকা, ২৭ জুলাই, ২০২৬ (বাসস) : সিলেট জেলার কুশিয়ারা নদী-সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির আগামি তিন দিনের মধ্যে উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)।

আজ প্রকাশিত এফএফডব্লিউসির এক বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদ-নদীর পানির স্তর কমেছে এবং আগামী তিন দিন এ প্রবণতা অব্যাহত থাকতে পারে।

তবে সিলেটের ফেঞ্চুগঞ্জ স্টেশনে কুশিয়ারা নদীর পানি এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বুলেটিনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানির স্তর কমেছে এবং আগামি দুই দিন তা আরও কমতে পারে। এরপর পরবর্তী তিন দিন পানির স্তর মোটামুটি স্থিতিশীল থাকতে পারে।

এদিকে গঙ্গা-পদ্মা নদ-নদীর পানির স্তর গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল ছিল এবং আগামি পাঁচ দিনও তা স্থিতিশীল থাকতে পারে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম অঞ্চলের গোমতী, মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানির স্তর কমেছে।

আগামি এক দিনে এসব নদীর পানির স্তর কিছুটা বাড়তে পারে এবং পরবর্তী দুই দিন তা স্থিতিশীল থাকতে পারে বলে বুলেটিনে উল্লেখ করা হয়েছে।