বাসস
  ২০ জুলাই ২০২৬, ২৩:২৪

শিক্ষার্থীদের হাতে পরিবেশবান্ধব পাটের ব্যাগ পৌঁছে দিতে কাজ করছে সরকার: পাট প্রতিমন্ত্রী

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। ফাইল ছবি

ঢাকা, ২০ জুলাই, ২০২৬ (বাসস): শিক্ষার্থীদের হাতে মানসম্মত ও পরিবেশবান্ধব পাটের স্কুল ব্যাগ পৌঁছে দিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। তিনি বলেন, পাইলট প্রকল্প সফল হলে পর্যায়ক্রমে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে পাটের স্কুল ব্যাগ দেওয়া হবে।
সোমবার বিকেলে সাভারের জৈনাবাড়ীতে জুট ফাইবার বিডির পাটের ব্যাগ উৎপাদন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব পাটের স্কুল ব্যাগ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাইলট প্রকল্পের আওতায় দেশের ৪৯৫টি উপজেলার প্রতিটি থেকে একটি করে প্রাথমিক বিদ্যালয় নির্বাচন করা হয়েছে। প্রতিটি বিদ্যালয়ে গড়ে ২০০ জন শিক্ষার্থী হিসেবে প্রথম ধাপে প্রায় ৯৯ হাজার শিক্ষার্থীর মধ্যে এসব ব্যাগ বিতরণ করা হবে।

তিনি জানান, ব্যাগ উৎপাদনের জন্য ৫৪ জন ক্ষুদ্র উদ্যোক্তাকে নির্বাচন করা হয়েছে। জেডিপিসি পিএলসির মাধ্যমে এসব ব্যাগ সংগ্রহ করা হবে।

পাট শিল্পের উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, দেশে এখনও প্রয়োজনীয় পাটবীজ আমদানি করতে হয়। পাটবীজে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। একই সঙ্গে পাট চাষিদের প্রশিক্ষণ ও ঋণ সুবিধা এবং পাটজাত পণ্য উৎপাদনকারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও পৃষ্ঠপোষকতা দেওয়া হচ্ছে।

তিনি বলেন, নদী, নালা ও খাল ভরাট হয়ে যাওয়ায় অনেক এলাকায় পাট জাগ দেওয়ার জন্য প্রয়োজনীয় পানির সংকট তৈরি হয়েছে। ফলে কৃষকেরা সময়মতো পাট জাগ দিতে না পারায় পাটের গুণগত মান ও উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, এ সমস্যা সমাধানে সরকারের উদ্যোগে খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। পাট চাষি ও পাট শিল্পের টেকসই উন্নয়নে সরকার সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।

পরিদর্শনকালে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।