শিরোনাম

ঢাকা, ১৭ জুলাই, ২০২৬ (বাসস) : ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক কর্মসূচিকে সফল করার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক প্রচারণা চালিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিকের নেতৃত্বে আজ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন সংলগ্ন আইবিএ ভবনের সামনের দেয়ালে কর্মসূচি-সংক্রান্ত প্রচারণামূলক প্লাকার্ড সাঁটানো হয়।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল শাখা ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা আগামী কর্মসূচিকে সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
কর্মসূচি শেষে মো. তরিকুল ইসলাম তারিক বলেন, ‘বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি আমাদের তারুণ্য। এই তরুণদের মেধা, সৃজনশীলতা, উদ্ভাবনী সক্ষমতা এবং উদ্যোক্তা হওয়ার স্বপ্নকে বিকশিত করার মাধ্যমেই একটি সমৃদ্ধ, আত্মনির্ভরশীল ও সম্ভাবনাময় বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ কর্মসূচি সেই লক্ষ্যেই একটি সময়োপযোগী উদ্যোগ।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচিকে আন্তরিকভাবে উৎসাহিত ও অনুপ্রাণিত করেছেন। তাঁর বিশ্বাস-রাজনীতির পাশাপাশি তরুণদের দক্ষতা, উদ্ভাবন, প্রযুক্তি ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে হবে। আমরা সেই বার্তাই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে কাজ করছি।’
তিনি বলেন, ‘তরুণদের কর্মসংস্থান, উদ্ভাবন ও স্টার্টআপ সংস্কৃতি বিকাশে সবাইকে এগিয়ে আসতে হবে।
ছাত্রদল সবসময় ইতিবাচক, সৃজনশীল ও জনকল্যাণমূলক উদ্যোগের পাশে থাকবে।’