বাসস
  ৩০ আগস্ট ২০২৬, ১৪:৫২

ইসহাক হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো ব্যারিস্টার শাহজাহানকে

আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শাহজাহান ওমর। ফাইল ছবি

ঢাকা, ৩০ আগস্ট, ২০২৬ (বাসস) : ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার শাহজাহান ওমরকে নতুন মামলায় গ্রেফতার দেখিয়েছেন আদালত। গাড়িচালক ইসহাক জমাদ্দারকে গুলি করে হত্যার ঘটনায় আদাবর থানায় করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

আজ কারাগার থেকে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। গ্রেফতার দেখানোর পর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর আদাবর থানাধীন শ্যামলী ক্লাব মাঠ সংলগ্ন এলাকায় গাড়িচালক ইসহাক জমাদ্দার (৪৭) স্বৈরাচারবিরোধী বিজয় মিছিলে অংশ নেন। এ সময় দুষ্কৃতকারীদের গুলিতে তিনি নিহত হন। এ ঘটনায় একই বছরের ২ সেপ্টেম্বর আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।