বাসস
  ০৯ জুলাই ২০২৬, ১০:৪৭
আপডেট : ০৯ জুলাই ২০২৬, ১০:৫৯

হবিগঞ্জে খোয়াই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত

খোয়াই নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে । ছবি: বাসস

হবিগঞ্জ, ৯ জুলাই, ২০২৬ (বাসস): টানা কয়েকদিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বৃহস্পতিবার সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে জেলার বিভিন্ন স্থানে। সকাল সাড়ে ১০টায় হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপৎসীমার ২২০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কোথাও আবার কম রয়েছে।

এদিকে নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের রয়েছে ব্যাপক তৎপরতা। নদীর বিভিন্নস্থানে ছোটোখাটো ভাঙন এলাকা পরিদর্শন করেছেন বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও প্রশাসনের লোকজন।

হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সায়েদুর রহমান বাসস’কে জানান, সকাল থেকে ভারতে খোয়াই রাজ্যে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হওয়ার কারণে খোয়াই নদীর পানি বিপৎসীমার চুনারুঘাটের বাল্লা পয়েন্টে ২২০ সেন্টিমিটার ও হবিগঞ্জের মাছুলিয়া এলাকায় ১১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আমরা জিও ব্যাগসহ সকল ধরনের প্রস্তুতি রেখেছি। যে স্থানে হালকা ফাটল দেখা দিয়েছে সেই স্থানে তাৎক্ষণিক মেরামতের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সবাইকে সতর্ক থাকার জন্য তিনি আহ্বান জানান।