বাসস
  ১৯ আগস্ট ২০২৬, ২২:১৪

কাভার্ড ভ্যানের চাপায় আইইউবি শিক্ষার্থী নিহতের ঘটনায় চালক গ্রেফতার

ঢাকা, ১৯ আগস্ট, ২০২৬ (বাসস) : রাজধানীর শেরেবাংলা নগর থানা এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় আইইউবি শিক্ষার্থী নিহতের ঘটনায় চালককে গ্রেফতার করা হয়েছে। 

ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) বিবিএ চতুর্থ বর্ষের শিক্ষার্থী অলি নূর মাহমুদকে (২৩) চাপা দেওয়ার ঘটনায় তাকে গ্রেফতার করেছে শেরেবাংলা নগর থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম-মো. লিমন খান (২৬)।

বুধবার শেরেবাংলা নগর থানা পুলিশ কুড়িল বিশ্ব রোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের সাত মসজিদ এলাকা থেকে দুর্ঘটনায় ব্যবহৃত কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। 

গত রোববার সকালে অলি নূর মাহমুদ মোটরসাইকেলযোগে বাণিজ্য মেলা মাঠের মধ্যবর্তী সড়ক দিয়ে যাওয়ার সময় একটি অজ্ঞাত অটোরিকশার বাধায় রাস্তায় পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে আগারগাঁও ফাঁড়ির পুলিশ সদস্যরা স্থানীয়দের সহায়তায় মাহমুদকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা মসিহ উদ্দিন মাহমুদের অভিযোগের প্রেক্ষিতে শেরেবাংলা নগর থানায় একটি মামলা দায়ের করা হয়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।