শিরোনাম

বান্দরবান, ৬ জুলাই, ২০২৬, (বাসস): টানা দুই দিনের ভারী বর্ষণে বান্দরবানের সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পাওয়ায় থানচি উপজেলা সদর থেকে দুর্গম তিন্দু ও রেমাক্রী ইউনিয়নের সঙ্গে নৌ-যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
একই সঙ্গে বৈরী আবহাওয়া ও সার্বিক নিরাপত্তা বিবেচনায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উপজেলার সব পর্যটনকেন্দ্রে ভ্রমণে নিরুৎসাহিত করছে উপজেলা প্রশাসন।
আজ সোমবার সকাল থেকে সাঙ্গু নদীতে পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।
এতে তিন্দু ও রেমাক্রী ইউনিয়নের বাসিন্দারা উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না, ফলে প্রয়োজনীয় কাজে যাতায়াতে চরম দুর্ভোগে পড়েছেন তারা।
থানচি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ আবদুল্লাহ আল ফয়সাল বাসসকে বলেন, সাঙ্গু নদীর তীব্র স্রোত, পাহাড়ধসের আশঙ্কা এবং বৈরী আবহাওয়ার কারণে পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত উপজেলার সব পর্যটনস্থানে ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে।
পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের অপ্রয়োজনে নৌপথ ও পাহাড়ি এলাকায় যাতায়াত না করার জন্যও অনুরোধ জানানো হয়েছে।
তিনি আরও জানান, আবহাওয়ার উন্নতি এবং ঝুঁকি কেটে গেলে পর্যটনকেন্দ্রগুলো পুনরায় পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
এছাড়াও যারা আটকা পড়েছেন তাদের নিরাপদস্থানে থাকার জন্য বার্তা দেওয়া হয়েছে।