শিরোনাম

ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : দেশব্যাপী ফ্যামিলি কার্ড কার্যক্রমে নিয়োজিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ দিতে প্রশিক্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে।
আজ বুধবার সমাজসেবা অধিদপ্তরের মধুমতি মিলনায়তনে শুরু হওয়া দুই দিনব্যাপী এই প্রশিক্ষণ আগামীকাল শেষ হবে।
প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহ্বুবের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমীন, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ প্রমুখ বক্তব্য রাখেন।
সমাজকল্যাণ মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারের অগ্রাধিকার প্রকল্প হচ্ছে-ফ্যামিলি কার্ড। ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কাজ নিখুঁতভাবে সম্পন্ন করতে আমরা বদ্ধপরিকর।
এই কাজের ভিত্তি হচ্ছে-তথ্য সংগ্রহ। এই কাজে নিয়োজিত ব্যক্তিদের তাই উপযুক্ত প্রশিক্ষণ দিতে হবে। তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার দায়িত্ব প্রশিক্ষকদের। আমরা বিশ্বাস করি, আন্তরিকতার সাথে প্রশিক্ষকবৃন্দ প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং পরবর্তীতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের পর্যায়ক্রমে প্রশিক্ষণ দেবেন।
তিনি বলেন, প্রশিক্ষকবৃন্দ যেহেতু সরকারের নিয়মিত স্টাফ। তাই আপনাদের দায়িত্ব অনেক বেশী। আগামী চার বছর আপনারা প্রশিক্ষণ দেবেন। শুধু প্রশিক্ষণ দেওয়ার মধ্যেই দায়িত্ব সীমাবদ্ধ নয়, মাঠ পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতেও আপনাদেরকেই ভূমিকা পালন করতে হবে।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকল্প। বর্তমান সরকার শপথ গ্রহনের মাত্র দশ দিনের মাথায় এই প্রকল্পের কার্যক্রম শুরু করা হয়েছে। প্রকল্পের পাইলটিং থেকে আমরা দিক নির্দেশনা পেয়েছি, সেই দিক নির্দেশনার আলোকে পরিচালিত প্রশিক্ষণ শতভাগ সফল হবে।
প্রতিমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড সর্বজনীন। দেশের দেড় কোটি পরিবারের কাছে স্বপ্ন পৌঁছে দেওয়ার কাজ এটি। এই কাজে সম্পৃক্ত থাকতে পারা অনেক গৌরবের। তাই ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ স্বচ্ছতার সঙ্গে যথাযথভাবে হতে হবে।