শিরোনাম
ঢাকা, ৯ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : কৃষির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের পোল্ট্রি খাতকে আরও এগিয়ে নিতে ডিম-মাংসের উৎপাদন বাড়িয়ে দাম যৌক্তিক পর্যায়ে রাখার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
আজ বুধবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)-এর উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
প্রতিমন্ত্রী বলেন, পোল্ট্রিখাতে উৎপাদন বাড়ানোর পাশাপাশি মানও নিশ্চিত করতে হবে। খামারিরা যেন তাদের উৎপাদিত ডিম ও মুরগির ন্যায্যমূল্য পান, আবার সাধারণ মানুষও যেন সাশ্রয়ী মূল্যে ভালো মানের ডিম ও মাংস কিনতে পারেন, সে বিষয়টি সমন্বয় করে এগোতে হবে। ডিম ও মুরগির মাংসের উৎপাদন বাড়ানো গেলে বাজারে সরবরাহ বাড়বে এবং দামও যৌক্তিক পর্যায়ে রাখা সম্ভব হবে।
প্রতিমন্ত্রী বলেন, পোল্ট্রিখাতে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিকের ব্যবহার বন্ধ করতে হবে এবং ডিম, মাংস ও নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে পোল্ট্রি ফিডের মান নিশ্চিত করতে হবে। একই সঙ্গে কৃষির সঙ্গে সামঞ্জস্য রেখে পোল্ট্রিখাতের পরিকল্পিত ও টেকসই উন্নয়ন করতে হবে।
তিনি আরও বলেন, খাতের প্রকৃত সমস্যা ও সম্ভাবনা জানতে মাঠপর্যায়ের খামারিদের সঙ্গে সরাসরি মতবিনিময় করা প্রয়োজন। তাদের সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। এ লক্ষ্যে গাজীপুর, ধামরাই, মানিকগঞ্জ ও টাঙ্গাইলের প্রান্তিক খামারিদের সঙ্গে পর্যায়ক্রমে মতবিনিময় সভা আয়োজন করা হবে।
দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ এবং নিরাপদ ও মানসম্মত আমিষের জোগান নিশ্চিত করতে পোল্ট্রি খাতের উন্নয়নে সরকার প্রয়োজনীয় নীতিগত ও প্রশাসনিক সহযোগিতা অব্যাহত রাখবে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন বাংলাদেশ (এফআইএবি) ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিল (বিপিআইসিসি)-এর সভাপতি মশিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন।
সভায় আরও উপস্থিত ছিলেন ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (বিএবি)-এর সভাপতি মাহবুবুর রহমান, এফআইএবি-এর সিনিয়র সহ-সভাপতি মো. আহসানউজ্জামান, ওয়ার্ল্ড পোল্ট্রি সায়েন্স এসোসিয়েশন, বাংলাদেশ ব্রান্স (ডব্লিউপিএসএ-বিবি) এর সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়জুর রহমান, বিপিআইসিসি-এর সচিব এ. টি. এম. মোস্তফা কামাল এবং নরিশ-এর পরিচালক রফিকুল ইসলাম বাবু)-সহ পোল্ট্রি খাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।