বাসস
  ০৩ জুলাই ২০২৬, ১২:৫৪

শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না: এমপি ধলু

ছবি : বাসস

নওগাঁ, ৩ জুলাই, ২০২৬ (বাসস): নওগাঁ প্যারীমোহন (পি.এম) বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর উদ্বোধন করা হয়েছে।

গতকাল বৃহষ্পতিবার দুপুরে প্রধান অতিথি হিসেবে নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু নির্মাণ কাজের ভিত্তি ফলক উম্মোচন করেন।

এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুকে ফুলের শুভেচ্ছা জানায়। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি আজিজ জাহান দিপুর সভাপতিত্বে নওগাঁ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী প্রদীপ কুমার সরকার, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা, খায়রুল আলম গোল্ডেন, সংসদ সদস্যর সহধর্মিনী হুসনী আখতার, নওগাঁ পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক দিদারুল হক রতন, নওগাঁ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল কাফি তুহিন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক লায়লা আরজুমান বানুসহ প্রমুখ বক্তব্য রাখেন। এসময় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম ধলু বলেন, শিক্ষা একটি জাতির উন্নয়নের প্রধান হাতিয়ার। শিক্ষা ছাড়া কোনো জাতি কখনও উন্নতি লাভ করতে পারে না। তাই শিক্ষার প্রসার ও মানোন্নয়নে সবাইকে আন্তরিক ভাবে কাজ করতে হবে।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ১ কোটি ৬৬ লাখ টাকা ব্যায়ে বিদ্যালয়টির ৬ তলা ভীত বিশিষ্ট ২তলা একাডেমিক ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।