শিরোনাম

ঢাকা, ২৫ জুন, ২০২৬(বাসস) : ধর্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেছেন, ইসলামী মূল্যবোধ, সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি কল্যাণমুখী সমাজ গড়ে তুলতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম দেশের তৃণমূল পর্যায়ে নৈতিকতা, ধর্মীয় শিক্ষা ও মানবিক মূল্যবোধ বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
আজ সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে নৈতিকতা ও ধর্মীয় মুল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্পের বার্ষিক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মুন্সী আলাউদ্দিন আল আজাদ এসব কথা বলেন।
মুন্সী আলাউদ্দিন আল আজাদ বলেন, বর্তমান প্রজন্মকে আদর্শ, নৈতিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে ধর্মীয় শিক্ষার পাশাপাশি মানবিক ও সামাজিক মূল্যবোধের চর্চা অত্যন্ত জরুরি।
তিনি প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও অংশীজনদের আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান।
নৈতিকতা ও ধর্মীয় মুল্যবোধ উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৮ম পর্যায়) প্রকল্পের পরিচালক এস. এম. তরিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (সিনিয়র জেলা ও দায়রা জজ) আ. ছালাম খান।
এতে আরও বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোহাম্মদ মাহবুব আলম, ইসলামিক ফাউন্ডেশনের সচিব শেখ মুর্শিদুল ইসলাম ও ইসলামিক ফাউন্ডেশনের সমন্বয় বিভাগের পরিচালক মো. মহিউদ্দিন।
এছাড়াও সভায় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালকবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী এবং প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।