বাসস
  ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩৪
আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৫

বিআরটিএ ইকুরিয়া কার্যালয়ে দুদকের এনফোর্সমেন্ট অভিযান

ছবি : বাসস

ঢাকা, ৮ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ইকুরিয়া কার্যালয়ে ড্রাইভিং লাইসেন্স, গাড়ির রেজিস্ট্রেশন, রুট পারমিট ও ফিটনেস সনদ প্রদানে সেবা প্রার্থীদের হয়রানি এবং ঘুষ দাবির অভিযোগে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ মঙ্গলবার প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কেরানীগঞ্জের ইকুরিয়ায় অবস্থিত বিআরটিএ কার্যালয়ে এ অভিযান পরিচালনা করেন।

দুদক জানায়, বিআরটিএর ইকুরিয়া কার্যালয়ে বিভিন্ন সেবা প্রদানের ক্ষেত্রে সেবা প্রার্থীদের হয়রানি, ঘুষ দাবি এবং ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা গ্রহণে অনিয়মসহ বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য ও প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হয়। অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে দুদক।