শিরোনাম

মুন্সীগঞ্জ, ৮ সেপ্টেম্বর, ২০২৬ (বাসস) : আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২৬ আচরণ বিধি প্রকাশ করেছে।
নির্বাচন কমিশন সচিবালয় থেকে প্রকাশিত আচরণ বিধি মোতাবেক আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কোনো প্রার্থী কোনো প্রকার পোস্টার ব্যবহার করতে পারবেন না। অপচনশীল কোনো দ্রব্য যেমন রেক্সিন, পলিথিন, প্লাষ্টিক, তথা পরিবেশের জন্য ক্ষতিকর, কোনো উপাদানে তৈরী কোনো প্রচারপত্র, লিফলেট, বা হ্যান্ডবিল, ফেষ্টুন, ব্যানার ও প্রতীক ব্যবহার করা যাবে না। বাড়িঘর দালানকোটা দেওয়াল যানবাহনে কোনো প্রকার লিফলেট, হ্যান্ডবিল ফেষ্টুন সাঁটানো বা আঠা দিয়ে লাগানো যাবে না। নির্বাচন উপলক্ষে তৈরী ব্যানার ফেষ্টুন সাদা কালো হতে হবে এবং ব্যানারের আয়তন অনধিক ৪০ বর্গফুটের এবং ব্যানার লিফলেট ফেস্টুনে নিজের ছবি ও প্রতীক এবং নিজের ছবি ব্যতীত অন্য কোনো ব্যক্তির ছবি বা প্রতীক ছাপাতে পারবেন না। নির্বাচনী প্রতীকের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা ৬ ফুটের অধিক হবে না।
ব্যানার লিফলেট বা হ্যান্ডবিল ও ফেষ্টুনে পলিথিনের আবরণ এবং প্লাষ্টিক (পিবিসি) ব্যানার ব্যবহার করা যাবে না। নির্বাচনী প্রচারে কোনো প্রার্থী প্রচারাভিযানের সময় কোনো জীবন্ত প্রাণী ব্যবহার করতে পারবেন না। কোনো প্রার্থী যান্তিক যানবাহন ব্যবহার করে কোনো প্রকার মিছিল শোডাউন করতে পারবেন না। কোনো প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারাভিযানে কোনো তোরণ নির্মাণ এবং আলোকসজ্জা করা নিষেধ রয়েছে।
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন বাসস’কে জানান আসন্ন স্থানীয় সরকার নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০২৬ সুষ্ঠু সুন্দর ও নিরপেক্ষ এবং পরিবেশ বান্ধব করতে নির্বাচন কমিশন বেশ কিছু আচরণ বিধি প্রকাশ করেছে। আচরণ বিধি সম্পর্কে যাতে সকলে জানতে পারেন, এজন্য ব্যাপক প্রচার-প্রচারণা চালানোর ব্যবস্থা করা হয়েছে। ইতোমধ্যে ৬টি উপজেলা মুন্সীগঞ্জ সদরে ৯টি, টঙ্গিবাড়ীতে ১৩টি, লৌহজংয়ে ১০টি, শ্রীনগরে ১৪টি সিরাজদিখানে ১৪টি এবং গজারিয়ায় ৮টি ইউনিয়নের চুড়ান্ত ভোটার এবং কেন্দ্র তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়েছে। তিনি আরো বলেন, জেলা প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন বিভাগের সাথে সমন্বয় করে প্রত্যেকটি কেন্দ্র নিয়ে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে পরিকল্পনা সাজানো হয়েছে।