শিরোনাম

ঢাকা, ২৪ জুন, ২০২৬ (বাসস) : জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মিরপুর থানা এলাকায় মো. মুক্তার হোসেন নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার মমতাজ বেগমকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এ সময় মমলার তদন্তকারী কর্মকর্তা তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম তাকে এ মামলায় গ্রেফতার দেখানোর আদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
মামলার এজাহারের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৪ আগস্ট মো. মুক্তার হোসেন নামে এক ব্যক্তি মিরপুর এলাকায় জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেন। আন্দোলন দমনে হামলা-গুলিবর্ষণ করে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা। পুলিশের ছোড়া রাবার বুলেটে মুক্তার আহত হন। তাকে উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তিনি চিকিৎসা নেন।
এ ঘটনায় মুক্তার বাদী হয়ে মিরপুর মডেল থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। এই মামলায় আজ মমতাজ বেগমকে গ্রেফতার দেখানো হলো।