শিরোনাম

ঢাকা, ২৩ জুন ২০২৬ (বাসস) : কক্সবাজারের টেকনাফে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে যাওয়ার পর জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোনকল পেয়ে আটকে পড়া চার যাত্রীকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা পুলিশ পরিদর্শক আনোয়ার সাত্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ মঙ্গলবার সকালে টেকনাফ উপজেলার দমদমিয়া কেয়ারী ঘাট লিঙ্ক রোড থেকে এক কলার ‘৯৯৯’ নম্বরে ফোন করে জানান, কক্সবাজার থেকে টেকনাফগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে এবং বেশ কয়েকজন যাত্রী আটকে পড়ে আছেন। তাৎক্ষণিকভাবে টেকনাফ ফায়ার স্টেশন ও টেকনাফ থানাকে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, টেকনাফ ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে খাদে পতিত বাস থেকে একজন শিশু, দুই নারী ও এক পুরুষকে জীবিত উদ্ধার করে। উদ্ধারকৃতরা হলেন আনোয়ারা বেগম (৪০), মাহের (১০) (উভয়ের ঠিকানা রোহিঙ্গা ক্যাম্প), আজম (৩০) ও মর্জিনা বেগম (উভয়ের ঠিকানা পূর্ব শিকদার পাড়া হ্নিলা)। উদ্ধারকৃতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।