বাসস
  ২৩ জুন ২০২৬, ১৬:২৪

জাতীয় জ্বালানি নিরাপত্তা গবেষণা প্রস্তাব আহ্বান

ঢাকা, ২৩ জুন, ২০২৬ (বাসস) : জাতীয় জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হাইড্রোকার্বন ও অন্যান্য প্রাথমিক জ্বালানি সম্পদের অনুসন্ধান, উন্নয়ন, ব্যবস্থাপনা এবং উদ্ভাবনী প্রযুক্তি বিষয়ক বিভিন্ন খাতে গবেষণা প্রস্তাব আহ্বান করেছে হাইড্রোকার্বন ইউনিট (এইচসিইউ)।

আগামী ২০২৬-২৭ অর্থবছরের জন্য আহ্বান করা এ গবেষণা কার্যক্রমে প্রাকৃতিক গ্যাস, তেল, কয়লা, নবায়নযোগ্য জ্বালানি, বিকল্প ও নতুন জ্বালানি (নিউ/অলটারনেট অ্যানার্জি) এবং জ্বালানি নীতিমালা বিষয়ক গবেষণা প্রস্তাব জমা দেওয়া যাবে।

এছাড়া বাণিজ্যিকভাবে বাস্তবায়নযোগ্য অপ্রচলিত বা বিকল্প জ্বালানি এবং উদ্ভাবনী প্রযুক্তি, যেমন হাইড্রোজেন অ্যানার্জি ও কার্বন ক্যাপচার অ্যান্ড স্টোরেজ (সিসিএস) বিষয়ক গবেষণাও এ কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত থাকবে।

এইচসিইউ জানিয়েছে, সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞ, গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে কর্মরত সরকারি কর্মকর্তা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা এবং যোগ্যতাসম্পন্ন প্রতিষ্ঠান এ গবেষণা কার্যক্রমে অংশ নিতে পারবেন। এছাড়া জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং এর আওতাধীন দপ্তর, সংস্থা ও কোম্পানিতে কর্মরত কর্মকর্তারাও গবেষণা প্রস্তাব জমা দিতে পারবেন। নির্বাচিত প্রতিটি গবেষণা কাজের জন্য সর্বোচ্চ ৪ লাখ ৫০ হাজার টাকা (ভ্যাট ও আয়করসহ) বরাদ্দ প্রদান করা হবে।

আগ্রহী গবেষকরা আগামী ২০ জুলাই দুপুর ১২টা পর্যন্ত অনলাইনে তাদের প্রস্তাব জমা দিতে পারবেন।

এইচসিইউ আরো জানিয়েছে, গবেষণা প্রস্তাবের বিস্তারিত নির্দেশিকা ও আবেদন দাখিলের লিংক হাইড্রোকার্বন ইউনিটের ওয়েবসাইটে পাওয়া যাবে। এ বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য গবেষণা সমন্বয়কারী বদরুল আমীন খান, সহকারী পরিচালক (অনুসন্ধান), হাইড্রোকার্বন ইউনিটের সঙ্গে যোগাযোগ করা যাবে।

কোনো কারণ দর্শানো ছাড়াই এ গবেষণা আহ্বান বাতিল করতে পারে বলে জানিয়েছে এইচসিইউ।