বাসস
  ২৩ জুন ২০২৬, ১৫:৩২

বিআইডব্লিউটিএ’র পরিচালক আরিফ উদ্দিন সাময়িক বরখাস্ত

ঢাকা, ২৩ জুন, ২০২৬ (বাসস) : নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)’র বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক একেএম আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।আজ বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম স্বাক্ষরিত এক দপ্তর আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।


আদেশে বলা হয়, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আরিফ উদ্দিনের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগের ভিডিও ক্লিপ প্রকাশিত হওয়ায় কর্তৃপক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের কর্মচারী চাকুরি প্রবিধানমালা, ১৯৯০-এর বিধি ৩৫ (খ) ও (ঙ) লঙ্ঘনের কারণে বিধি ৪১ (১) অনুযায়ী তাকে চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

আদেশে আরও উল্লেখ করা হয়, বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরাকী ভাতা প্রাপ্য হবেন। তবে এ সময় তাকে প্রশাসন ও মানব সম্পদ বিভাগে হাজিরা দিতে হবে এবং হাজিরার ভিত্তিতেই ভাতা পরিশোধ করা হবে।

এদিকে আরিফ উদ্দিনের স্থলে বন্দর ও পরিবহন বিভাগের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে প্রশাসন ও মানব সম্পদ বিভাগের পরিচালক মো. সাইফুল ইসলামকে। 

তিনি নিজ দায়িত্বের পাশাপাশি এ দায়িত্ব পালন করবেন।