বাসস
  ২৩ জুন ২০২৬, ১২:৪৫

রাজধানীতে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মী গ্রেফতার

ঢাকা, ২৩ জুন, ২০২৬ (বাসস): রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সোমবার পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, থানাভিত্তিক গ্রেফতারের সংখ্যা হলো- রমনায় ২ জন, ধানমন্ডিতে ১০ জন, বংশালে ১ জন, খিলক্ষেতে ২ জন, কদমতলীতে ১ জন, মোহাম্মদপুরে ৮ জন, মিরপুরে ১ জন ও তুরাগে ১ জন।

জননিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।