শিরোনাম

রাজশাহী, ২২ জুন, ২০২৬ (বাসস): রাজশাহী বিভাগের আট জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় মোট ২৭ লাখ ৩ হাজার ১২৭ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৩ লাখ ৮ হাজার ২০৬ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ২৩ লাখ ৯৪ হাজার ৯২১ জন। আগামী ২৮ জুন থেকে এ কর্মসূচি শুরু হবে।
আজ দুপুরে রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভায় ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রতিনিধিরা এ তথ্য তুলে ধরেন।
সভায় জানানো হয়, ভিটামিন ‘এ’ শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উপাদান। সকল শিশুকে এ ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত করা গেলে হামসহ বিভিন্ন সংক্রমণের জটিলতা ও মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। দীর্ঘ বিরতির পর আয়োজিত এ ক্যাম্পেইনের গুরুত্ব আরও বেড়েছে, কারণ বিরতির সময় হাম সংক্রমণ ও মৃত্যুহার বৃদ্ধি পেয়েছে।
সভায় বক্তারা ৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে ৬ মাসের কম বয়সী শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে শুধুমাত্র মায়ের দুধ খাওয়ানোর আহ্বান জানান।
সভায় সভাপতিত্ব করেন বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোহাম্মদ হাবিবুর রহমান। প্রধান অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ এবং বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান। সভায় বিভাগীয় পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিবৃন্দ এবং ইউনিসেফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া অন্যান্য জেলার সিভিল সার্জন, পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক এবং ডব্লিউএইচও’র প্রতিনিধিরা অনলাইনে যুক্ত ছিলেন।
রাজশাহী জেলায় ৩ লাখ ৩ হাজার ১১৭ জন এবং রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় ৬২ হাজার ২৫৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। বিভাগের মধ্যে সর্বাধিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বগুড়া জেলায়—৫ লাখ ৭ হাজার শিশু। অন্যদিকে সর্বনিম্ন লক্ষ্যমাত্রা রয়েছে জয়পুরহাট জেলায়—১ লাখ ৩৮ হাজার শিশু।
সভায় বক্তারা অভিভাবকদের নির্ধারিত দিনে নিকটস্থ টিকাদান কেন্দ্রে শিশুদের নিয়ে এসে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর আহ্বান জানান।