বাসস
  ২২ জুন ২০২৬, ১৯:৪৫

৯৯৯-এ গুলিবিদ্ধের ফোনকলে রাজশাহীতে বিদেশি পিস্তল, গুলি ও গ্রেনেড উদ্ধার

ঢাকা, ২২ জুন ২০২৬ (বাসস) : জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফয়সাল ইবনে সেলিম শেখ (৩৫) নামে গুলিবিদ্ধ এক ব্যক্তির ফোনকলে রাজশাহী নগরীতে বিদেশি পিস্তল, গুলি ও হ্যান্ড গ্রেনেডসহ মোট ২১ প্রকার আলামত উদ্ধার করেছে পুলিশ।

আজ জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর গণমাধ্যম ও জনসংযোগ কর্মকর্তা আনোয়ার সাত্তার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত রবিবার ৯৯৯ নম্বরে এক ব্যক্তি আর্তস্বরে জানান, তিনি গুলিবিদ্ধ হয়েছেন এবং তাকে বাসায় তালা মেরে রেখে গেছে। তিনি নিজেকে ফয়সাল পরিচয় দিয়ে রাজশাহী নগরীর শাহ মখদুম থানাধীন ছায়ানীড় আবাসিক এলাকায় থাকার কথা জানান। ৯৯৯ থেকে তাৎক্ষণিকভাবে শাহ মখদুম থানায় বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সংবাদপ্রাপ্ত হয়ে শাহ্ মখদুম থানার এসআই মমতাজউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল ছায়ানীড় আবাসিকের ৩৪/১ নম্বর বাসার পাঁচতলা বিল্ডিংয়ের ৫ম তলায় উপস্থিত হয়ে দেখতে পায়, রাজশাহী নগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর মোহাম্মদ তারেক খালেদসহ আরও চার/পাঁচ ব্যক্তি ৯৯৯-এ কলার গুলিবিদ্ধ ফয়সালকে রুম থেকে বের করার চেষ্টা করছেন। তখন পুলিশ ভুক্তভোগীকে তাদের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। প্রাথমিকভাবে বিছানার ওপর একটি পিস্তল, ম্যাগাজিন ও গুলির খোসা দেখতে পায় পুলিশ। পরে শাহ মখদুম থানার ওসি ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামত উদ্ধারের জন্য সিআইডির ফরেনসিক টিমকে অবহিত করেন। সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে ১টি আমেরিকায় তৈরি ৭.৬৫ ক্যালিবারের পিস্তল, ২টি খালি ম্যাগাজিন, ১টি তাজা কার্তুজ, ১টি ফায়ার্ড কার্তুজের খোসা, গান-পাউডার, চাকু, বিস্ফোরক তৈরির উপাদান এবং হ্যান্ড গ্রেনেডসহ মোট ২১ প্রকার আলামত উদ্ধার করে।