বাসস
  ২২ জুন ২০২৬, ১৮:২৪

বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের ২৬তম সাধারণ সভা অনুষ্ঠিত

বিএনএসিডব্লিউসি এর ২৬তম সাধারণ সভা আজ সশস্ত্র বাহিনী বিভাগের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়। ছবি: আইএসপিআর

ঢাকা ২২ জুন, ২০২৬ (সোমবার): বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশন (বিএনএসিডব্লিউসি) এর ২৬তম সাধারণ সভা আজ সশস্ত্র বাহিনী বিভাগের মাল্টিপারপাস হলে অনুষ্ঠিত হয়েছে।

বিএনএসিডব্লিউসি'র চেয়ারম্যান ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান এই সভায় সভাপতিত্ব করেন। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা এবং বাহিনীসমূহ হতে বিএনএসিডব্লিউসি'র সর্বমোট ৪৩ জন সামরিক ও অসামরিক সদস্য এই সভায় অংশগ্রহণ করেন।

সভায় আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র কনভেনশন ও রাসায়নিক অস্ত্র (নিষিদ্ধকরণ) আইন, ২০০৬, বাংলাদেশ এর বিধিবিধান কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্য সংক্রান্ত সকল কার্যক্রম ও তফসিল বহির্ভূত স্বতন্ত্র জৈব রাসায়নিক দ্রব্য উৎপাদন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে বিএনএসিডব্লিউসির সাথে অনলাইনে নিবন্ধনের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

দেশে তফসিলভুক্ত রাসায়নিক দ্রব্য অবৈধ আমদানি ও অনলাইন ক্রয়-বিক্রয় প্রতিরোধ, তালিকাভুক্তির বিষয়ে অজ্ঞতা/সচেতনতার অভাব রোধে করণীয়, তালিকাভুক্তির ফি পুনঃনির্ধারণ, সক্ষম ল্যাবরেটরি এর সংখ্যা বৃদ্ধিকরণ, বিএনএসিডব্লিউসি সফটওয়্যার উন্নয়নে সংশ্লিষ্ট সকলের কার্যকরী ভূমিকার ব্যাপারে নির্দেশনা প্রদান করা হয়।

এছাড়াও, দেশের সার্বিক রাসায়নিক নিরাপত্তা ব্যবস্থা সুসংহতকরণ ও রাসায়নিক দুর্ঘটনা মোকাবেলায় কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য আমদানীকারক, ব্যবহারকারী, কাস্টমস ও আইন প্রয়োগকারী সংস্থাসহ সংশ্লিষ্ট সকলকে যথাযথ কার্যকরী ভূমিকা পালন করার বিষয়ে চেয়ারম্যান বিএনএসিডব্লিউসি বিশেষ নির্দেশনা প্রদান করেন।