শিরোনাম

ঢাকা, ২২ জুন, ২০২৬ (বাসস): রাজধানীর বিভিন্ন এলাকায় জাল এপসন প্রিন্টিং সরঞ্জামের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান এপসন। ২০২৬ সালে পরিচালিত একাধিক অভিযানে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় ৩৪ হাজারের বেশি নকল কালির বোতল জব্দ করা হয়েছে। একই সঙ্গে জাল পণ্য উৎপাদন ও বিক্রির সঙ্গে জড়িত ৪৮ জনকে আটক এবং ২৭ লাখ ৫০ হাজার টাকার বেশি জরিমানা করা হয়েছে।
আজ এপসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে জাল পণ্যের মোড়ক তৈরির একটি কারখানারও সন্ধান পাওয়া যায়। সেখান থেকে প্রায় ৪৭ হাজার প্যাকেজিং বক্স, আটটি প্রিন্টিং প্লেট এবং এপসনের পণ্যের অনুকরণে তৈরি বিপুল পরিমাণ লেবেল ও অন্যান্য প্যাকেজিং উপকরণ জব্দ করা হয়েছে।
উত্তরা, পল্টন, মিরপুর, সাভার ও নিউ এলিফ্যান্ট রোড এলাকায় পরিচালিত এসব অভিযানে খুচরা বিক্রয়কেন্দ্রের পাশাপাশি জাল কনজ্যুমেবল ও প্যাকেজিং উপকরণ তৈরির কারখানাতেও অভিযান চালানো হয়। এপসনের দাবি, এসব অভিযানের ফলে রাজধানীতে সক্রিয় জাল পণ্য সরবরাহ চক্রের কার্যক্রম উল্লেখযোগ্যভাবে ব্যাহত হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জাল প্রিন্টিং সরঞ্জাম ব্যবহারে প্রিন্টের মান নষ্ট হওয়ার পাশাপাশি ডিভাইসের স্থায়িত্ব কমে যেতে পারে। একই সঙ্গে বৈধ ব্যবসা, পরিবেশক নেটওয়ার্ক এবং ব্র্যান্ডের সুনামও ক্ষতিগ্রস্ত হয়।
এ বিষয়ে ঢাকায় এপসনের এক মুখপাত্র বলেন, বাজারে জাল পণ্যের উপস্থিতি গ্রাহকের আস্থা ও ব্যবহার অভিজ্ঞতার জন্য বড় উদ্বেগের বিষয়। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জাপানভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান এপসন মেধাস্বত্ব সুরক্ষা, জাল পণ্য প্রতিরোধ এবং গ্রাহকদের কাছে আসল পণ্য পৌঁছে দিতে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কাজ চালিয়ে যাবে।