শিরোনাম

ঢাকা, ২২ জুন, ২০২৬ (বাসস) : সেন্টমার্টিনের পশ্চিম সমুদ্র এলাকায় মিয়ানমার থেকে চোরাচালানকৃত প্রায় ৩২ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জালসহ ৬ জন চোরাচালানকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
আজ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, সেন্টমার্টিনের পশ্চিম সমুদ্র এলাকায় গত শনিবার রাত ১১টায় কোস্ট গার্ড স্টেশন সেন্টমার্টিন গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দেওয়া হলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত গভীর সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করে। কোস্ট গার্ডের অভিযানিক দল বোটটিকে ধাওয়া করে গভীর সমুদ্র থেকে আটক করতে সক্ষম হয়। পরে ওই বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমার থেকে চোরাচালানকৃত প্রায় ৩২ কোটি ২৫ লাখ টাকা মূল্যের ২১ লাখ ৫০ হাজার মিটার অবৈধ বিদেশি কারেন্ট জালসহ ৬ জন চোরাচালানকারীকে আটক করা হয়।
তিনি আরও বলেন, জব্দকৃত জাল, চোরাচালানে ব্যবহৃত বোট ও আটককৃত চোরাচালানকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান রোধ ও মৎস্যসম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।