বাসস
  ২০ জুন ২০২৬, ১১:৩৭
আপডেট : ২০ জুন ২০২৬, ১২:০৯

বিএনপি নেতা-কর্মীদের শহীদ জিয়ার আদর্শ ধারণ করতে হবে : হেলাল এমপি

গতকাল দুর্জ্জনী মহল পাঞ্জেগানা মসজিদের স্থান নির্ধারণ,ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেনসংসদ সদস্য আজিজুল বারী হেলাল ।ছবি: বাসস

খুলনা, ২০ জুন, ২০২৬ (বাসস) : খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষের কল্যাণ, উন্নয়ন ও আত্মমর্যাদা প্রতিষ্ঠার রাজনীতির পথ দেখিয়েছিলেন। তাঁর আদর্শ ছিল জনগণকে ভালোবাসা, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং তৃণমূল মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করা। 

হেলাল বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সেই আদর্শকে বুকে ধারন করে দেশকে এগিয়ে নিতে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। বিএনপি’র প্রতিটি নেতা-কর্মীকে সেই আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করতে হবে। ব্যক্তি স্বার্থ নয়, জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দলের সুনাম নষ্ট হয়,জনগণের কাছে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় বা দলের নাম ব্যবহার করে কেউ ব্যক্তি স্বার্থ হাসিলের চেষ্টা করে-এমন কর্মকান্ড কোনোভাবেই মেনে নেয়া হবে না। যখনই দেখা যাবে কেউ দলের শৃঙ্খলা ভঙ্গ করছে কিংবা দলের মর্যাদাহানিকর কর্মকান্ডে জড়িত, তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সংসদ সদস্য আজিজুল বারী হেলাল গতকাল শুক্রবার বিকালে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়ন বিএনপি আয়োজিত আমতলা হাট এলাকায় দুর্জ্জনী মহল পাঞ্জেগানা মসজিদের স্থান নির্ধারণ,ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জনগণের অর্থে পরিচালিত প্রতিটি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সরকারি বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার করতে হবে এবং উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়ম,দুর্নীতি বা অবহেলা বরদাশত করা হবে না। জনগণের উন্নয়ন প্রকল্প জনগণের কল্যাণে ব্যয় হচ্ছে কি-না, সেটি দেখার দায়িত্ব শুধু প্রশাসনের নয়, জনগণেরও। 

তিনি বলেন, জনগণকে সচেতন হতে হবে এবং তাদের ন্যায্য অধিকার আদায়ে সোচ্চার থাকতে হবে। উন্নয়নের সুফল যাতে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ধর্মীয় প্রতিষ্ঠান সমাজে নৈতিকতা, মানবিকতা ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই মসজিদ, মন্দিরসহ সকল উপাসনালয়ের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।

সৃষ্টিকর্তার উদ্দেশ্যে নির্মিত কোনো স্থাপনায় অবহেলা বা ঘাটতি রাখা উচিত নয়। ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়,বরং এটি সমাজে নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠারও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

তিনি দুর্জ্জনী মহল পাঞ্জেগানা মসজিদের নতুন ভবন নির্মাণে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর উদ্যোগের প্রশংসা করে বলেন, একটি আধুনিক, উন্নত ও মানবিক সমাজ গড়ে তুলতে রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, প্রশাসন, ধর্মীয় নেতা এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও উন্নয়নের মনোভাব নিয়ে এগিয়ে গেলে রূপসা উপজেলাকে একটি আদর্শ উপজেলায় পরিণত করা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, এনামুল হক সজল, রূপসা উপজেলা বিএনপি’র সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপি’র সদস্য আনিসুর রহমান বিশ্বাস, মোল্যা রিয়াজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপি’র সদস্য মল্লিক ইলিয়াজ হোসেন ও অনুষ্ঠান পরিচালনা করেন এড. মঞ্জিল আহম্মেদ।