বাসস
  ২০ আগস্ট ২০২৬, ২০:২৬

রাজধানীতে দালাল চক্রের ৩ সদস্য আটক, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

ঢাকা, ২০ আগস্ট, ২০২৬ (বাসস) : রাজধানীতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমন্বিত অভিযানে দালাল চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আজ ঢাকা মহানগর আনসার (ডিএমএ) পশ্চিম জোনের কাফরুল থানাধীন বিআরটিএ মিরপুর কার্যালয়ে সেবাগ্রহীতাদের বিভিন্ন কাজ দ্রুত সম্পন্ন করে দেওয়ার আশ্বাস দিয়ে অবৈধভাবে অর্থ আদায়ের সময় তাদের আটক করা হয়।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।   

এতে বলা হয়, ভ্রাম্যমাণ আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ার আটক তিন ব্যক্তিকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। কারাদণ্ডপ্রাপ্তরা হলেন-হারুন (৩২), মো. মজিবুল হক (৩৪) ও মো. আহনাথ তাজুয়ার ফাহিম (৩১)।

দণ্ডপ্রাপ্তদের প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।