বাসস
  ১০ জুন ২০২৬, ২১:৪০

বিশ্ব অডিওলজি কংগ্রেসে বাংলাদেশের প্রতিনিধিত্ব করলেন তৌফিক আবির

ছবি : সংগৃহীত

ঢাকা, ১০ জুন, ২০২৬ (বাসস) : দেশের শ্রবণস্বাস্থ্য খাতে এক নতুন মাইলফলক স্থাপন করে বিশ্ব অডিওলজি কংগ্রেস (ডব্লিউসিএ) ২০২৬-এ প্রথমবারের মতো বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিয়েছেন তরুণ অডিওলজিস্ট ও শ্রবণস্বাস্থ্য বিশেষজ্ঞ এস এম তৌফিক আবির।

আন্তর্জাতিক অডিওলজি সোসাইটির (আইএসএ) উদ্যোগে আয়োজিত এ সম্মেলন সম্প্রতি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত হয়। শ্রবণ ও অডিওলজি বিষয়ক বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক এই সম্মেলন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সহযোগিতায় বৈশ্বিক শ্রবণস্বাস্থ্য উন্নয়নে কাজ করে আসছে।

এবারের সম্মেলনে বিশ্বের প্রায় ১০০টি দেশের কয়েক হাজার শ্রবণস্বাস্থ্য বিশেষজ্ঞ, গবেষক, শিক্ষক, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও নীতিনির্ধারক অংশ নেন। সম্মেলনে শ্রবণস্বাস্থ্য বিষয়ক অসংখ্য গবেষণা উপস্থাপন করা হয় এবং বৈশ্বিক শ্রবণসেবা জোরদারে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সম্মেলনে নিজের উপস্থাপনায় এস এম তৌফিক আবির বাংলাদেশের অডিওলজি ও শ্রবণস্বাস্থ্যসেবার ইতিহাস, শিক্ষা, গবেষণা কার্যক্রম এবং ক্লিনিক্যাল সেবার বর্তমান চিত্র আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরেন।

তার উপস্থাপনার পর বিভিন্ন দেশের প্রতিনিধিরা বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করেন এবং ভবিষ্যতে যৌথ গবেষণা ও সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন।

এছাড়া বাংলাদেশের শ্রবণস্বাস্থ্য বিষয়ক তার দুটি গবেষণা নিবন্ধ চলতি বছরের বিশ্ব অডিওলজি কংগ্রেসের অ্যাবস্ট্র্যাক্ট বইয়ে প্রকাশিত হয়েছে, যা দেশের গবেষণা অঙ্গনের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

উল্লেখ্য, ১৯৫৩ সালে বিশ্ব অডিওলজি কংগ্রেস প্রতিষ্ঠার পর এই প্রথম কোনো বাংলাদেশি প্রতিনিধি এ আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ করলেন।

বাংলাদেশ প্রতিনিধি দলে আরও ছিলেন অডিওলজিস্ট ও স্পিচ প্যাথলজিস্ট উম্মে শারিফা ইসলাম, মোহাম্মদ আরিফুল ইসলাম এবং পিআইএসইআর-বিইউপির শিক্ষার্থী আর. জামান খান।