বাসস
  ১০ জুন ২০২৬, ১৯:৫১

পায়রা নদীর ওপর নির্মাণাধীন সেতু প্রকল্প এলাকায় ব্যাপক বৃক্ষরোপণের উদ্যোগ

ঢাকা, ১০ জুন, ২০২৬ (বাসস) : পরিবেশের ভারসাম্য রক্ষা ও টেকসই অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে পায়রা নদীর ওপর নির্মাণাধীন সেতু প্রকল্প এলাকায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)।

আগামী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’ বাস্তবায়নের অংশ হিসেবে আজ বুধবার (১০ জুন) প্রকল্পের সাইট অফিসে এ বিষয়ে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রকল্প পরিচালক সভাপতিত্ব করেন।

এতে পটুয়াখালী বন বিভাগের প্রতিনিধিসহ বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা, প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক এবং সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

সভায় জানানো হয়, পায়রা সেতু প্রকল্পের আওতাধীন খালি জায়গা এবং সেতুর সংযোগ সড়কের দুই পাশে পরিকল্পিতভাবে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

প্রকল্প এলাকার পরিবেশ ও মাটির গুণাগুণ বিবেচনায় উপযোগী প্রজাতির গাছ নির্বাচন করা হবে।

একই সঙ্গে রোপণকৃত চারাগাছের পরিচর্যা ও দীর্ঘমেয়াদি সুরক্ষা নিশ্চিত করতে বন বিভাগ ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ যৌথভাবে কাজ করবে।

সভায় প্রকল্প এলাকাকে সবুজায়ন কর্মসূচির আওতায় এনে পরিবেশের ভারসাম্য বজায় রাখার বিভিন্ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক বলেন, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে।

পায়রা সেতুর মতো একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের আশপাশে বৃক্ষরোপণের মাধ্যমে শুধু সবুজায়নই নয়, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায়ও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

তিনি সরকারের ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’কে সময়োপযোগী ও দূরদর্শী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি অবকাঠামোগত উন্নয়ন কর্মকা-কে পরিবেশবান্ধব করার লক্ষ্যে সরকার কাজ করছে।

পায়রা সেতু প্রকল্পের এই বৃক্ষরোপণ কর্মসূচি সেই অঙ্গীকারেরই বাস্তব প্রতিফলন। সংশ্লিষ্টদের প্রতিটি চারাগাছের যথাযথ পরিচর্যা নিশ্চিত করার নির্দেশনাও দেওয়া হয়েছে।

সভা শেষে প্রকল্প পরিচালক, সাইট অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এবং বন বিভাগের প্রতিনিধি দল প্রস্তাবিত বৃক্ষরোপণ এলাকা সরেজমিন পরিদর্শন করেন। এ সময় চারা রোপণের জন্য উপযুক্ত স্থান নির্ধারণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে পায়রা সেতু প্রকল্প এলাকাকে একটি পরিবেশবান্ধব ও সবুজ অঞ্চলে পরিণত করার আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।