শিরোনাম

ঢাকা, ১০ জুন, ২০২৬ (বাসস) : মালয়েশিয়া প্রবাসীর ছেলেকে অপহরণ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে দু’জনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
গ্রেফতারকৃতরা হলেন—ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার শফিরকান্দি গ্রামের মো. শহিদুল্লার ছেলে আরিফুল (৩০) ও মো. কামাল মিয়ার ছেলে সানি (২২)।
সিআইডির ঢাকা মেট্রো-উত্তর বিভাগের একটি আভিযানিক দল গতকাল ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানাধীন শফিরকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
সিআইডি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ভিকটিম মানিকের পিতা ৪ থেকে ৫ বছর ধরে মালয়েশিয়ায় অবস্থান করে পরিবারের ভরণপোষণের জন্য নিয়মিত অর্থ পাঠাতেন।
এ বছর ১১ জানুয়ারি ভিকটিমের মোবাইলে একটি অজ্ঞাত নম্বর থেকে কল করে জানানো হয়, তার পিতা মালয়েশিয়া থেকে ৫০ হাজার টাকা পাঠিয়েছেন। সেই টাকা গ্রহণের জন্য তাকে দক্ষিণখান থানাধীন জয়নাল মার্কেট এলাকায় যেতে বলা হয়। মানিক সরল বিশ্বাসে সেখানে গেলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা অপহরণকারীরা তাকে কৌশলে একটি প্রাইভেটকারে তুলে মিরপুর পল্লবীর একটি ভবনে নিয়ে যায়। সেখানে তাকে আটকে রেখে মারধর করে এবং তার কাছে থাকা নগদ ২০ হাজার ৫০০ টাকা ও বিকাশ অ্যাকাউন্ট থেকে সাড়ে ৮ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে অপহরণকারীরা ভিকটিমের পরিবারের সঙ্গে যোগাযোগ করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে এবং টাকা না দিলে তাকে হত্যার হুমকি দেয়।
বিষয়টি পুলিশকে অবহিত করা হলে অপহরণকারীরা ১২ জানুয়ারি গভীর রাতে ভিকটিমকে ডিএমপির আগারগাঁও থানাধীন শেরেবাংলা নগর এলাকায় একটি অজ্ঞাতনামা সিএনজিতে উঠিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বাসায় নিয়ে আসে। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে (ডিএমপি) দক্ষিণখান থানার মামলা করে। মামলা নম্বর-১৮।
মামলাটির তদন্তভার পাওয়ার পর সিআইডি আরিফুল ও সানির অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। পরবর্তীতে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেন।
চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে এবং ঘটনার বিস্তারিত তথ্য উদঘাটনের স্বার্থে তাদেরকে পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে প্রেরণে করেছে। বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করছে ঢাকা মেট্রো-উত্তর বিভাগ।