শিরোনাম

ময়মনসিংহ, ১০ জুন, ২০২৬, (বাসস): বিএনপির যুগ্ম মহাসচিব এবং ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সরকারের টাকা জনগণের ট্যাক্সের টাকা। জনগণের এই টাকার অপচয় সহ্য করা হবে না।
তিনি বলেন, বিগত সময়ে সরকারের টাকা উন্নয়নের নামে অপচয় ও হরিলুট করা হয়েছে। কিন্তু বতর্মান সরকারের গতানুগতিক সরকারের মতো নয়। এই সরকার প্রতিটি উন্নয়ন কাজের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বদ্ধপরিকর। কোনো অবস্থাতেই সরকারি তথা জনগণের টাকার অপচয় বরদাস্ত করা হবে না।
আজ বুধবার দুপুরে ময়মনসিংহের গৌরীপুর উপজেলাধীন জেলা পরিষদের প্রকল্প বিষয়ক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় প্রিন্স আরও বলেন, ১৫ বছর রাজনীতির নামে অপরাজনীতি হয়েছে। সেই ফ্যাসিবাদী কায়দা অনুসরণ করা যাবে না। জনগণের টাকায় নেয়া প্রকল্পের সর্বোচ্চ ব্যবহার স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। ফ্যাসিবাদী লুটপাট থেকে আমরা বেরিয়ে আসতে চাই। জনগণের জন্য কাজ করতে চাই। মসজিদ, মাদ্রাসা, স্কুল-কলেজ ও গ্রামীণ রাস্তা নির্মাণসহ যুবক-তরুণদের কর্মসংস্থানে প্রশিক্ষিত করে গড়ে তুলতে চাই।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদসহ জেলা পরিষদের কর্মকর্তা এবং প্রকল্প সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সভা শেষে গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের পক্ষ থেকে বিএনপির যুগ্ম মহাসচিব এবং ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এতে সংগঠনের সভাপতি শাহজাহান কবীর হীরা, সহ-সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক এইচটি তোফাজ্জল হোসেনসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এর আগে জেলা পরিষদ প্রশাসক গৌরীপুর উপজেলার ২৪ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করেন। পরে গৌরীপুর প্রেসক্লাবের পক্ষ থেকে সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেয়া হয়।